‘বন্দুকযুদ্ধ’র নামে ছাত্রদল নেতা জনি হত্যায় এসপি আজাদ গ্রেফতার
ads

নিজস্ব প্রতিবেদক 

গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে। কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো: নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের এই কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশনা দেয়। যার পরিপ্রেেিত বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা গাজীপুরের কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক জনিকে। এ সময় তার সাথে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে এ ঘটনায় মামলা করেন জনির বাবা মো: ইয়াকুব আলী। মামলায় সাবেক ও বর্তমান ১৩ পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ ছাড়া অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে।