প্রেস ব্রিফিংয়ে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
প্রেস ব্রিফিংয়ে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। নয়া দিগন্ত
ads

নির্বাচন কমিশনের (ইসি) সংলাপকে অর্থবহ করতে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর সাথে একসাথে সংলাপ আয়োজনের দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটটির সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এ বিষয়ে ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

হামিদুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশন যে সংলাপ আয়োজন করেছে, এটাকে অর্থবহ করতে হলে ১১ দলীয় ঐক্যে থাকা দলগুলোর সাথে একসাথে সংলাপ করার জন্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। এ বিষয়ে ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দের জন্য আনুষ্ঠানিকভাবে আমরা আবেদন করব।’    

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। 

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেয়ার যে অঙ্গীকার ছিল সেখানে এখন বিভক্তি তৈরি হয়েছে। বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সঙ্কট বেড়েছে। 

তিনি বলেন, সঙ্কট নিরসনে বিরোধী দলের সাথে সরকারের সংলাপ হবে মর্মে কয়েকদিন ধরে আলোচনা চলছে। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আরেকটি সংলাপ আহ্বান করা হয়েছে। এ বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে আজকে সঙ্কটের জন্ম দিয়েছে। সংস্কার কোনো দলের একক দাবি নয়, গোটা জাতির দাবি। এজন্য আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য বারবার আহ্বান করেছি। সংসদে ও রাজপথে দাবি তুলেছি, নোটিশ দিয়েছি। কিন্তু সিদ্ধান্ত ছাড়া সংসদের আলোচনা থেকে নোটিশ বাদ দেয়া হয়েছে। এ কারণ রাজপথে আন্দোলন করছে ১১ দল। 

হামিদুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ১১ দলের সম্মিলিত দাবি।, তাই একক দল হিসেবে আমরা এ সংলাপে অংশগ্রহণ করতে চায় না। জাতীয় সংলাপে একসাথে ১১ দলীয় ঐক্য অংশগ্রহণ করতে চায়। আমরা আশাবাদী এ সংলাপ আগামী দিনে দেশের সঙ্কট নিরসনে ভূমিকা রাখতে পারে জাতি যে আশা নিয়ে জুলাই বিপ্লব করেছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। 

তিনি আরো বলেন, সঙ্কট নিরসনের জায়গায় আমাদের সবার সহযোগিতা লাগবে, তবে মূল দায়িত্বটা সরকারের। এখানে সরকার কতটুকু আন্তরিক, আদৌ সরকার সংস্কার চায় কিনা, চাইলে কিভাবে চায় তা গুরুত্বপূর্ণ। সংস্কার কিভাবে হবে, প্রক্রিয়া কি- তা জনগণ ঠিক করে দিয়েছে। সংস্কার হবে জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে। সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণ ভোট দিয়েছে। আর এই প্রক্রিয়াটি করতে হবে সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে। সরকার সংলাপ আয়োজন করার পর ১১ দলের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংলাপের বিষয়গুলো নির্ধারণ করা হবে বলেও জানান হামিদুর রহমান আযাদ।

লিয়াজোঁ কমিটির আজকের বৈঠকে আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল আদিব, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল হোসেন, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।