পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহীর অভিজ্ঞতা নিতে কর্মশালা
ads

রাজশাহী ব্যুরো
পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নে দেশের অন্যতম সেরা শহর রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগাতে তিন দিনব্যাপী কর্মশালায় অংশ নিচ্ছেন তিন সিটি করপোরেশন ও এক পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিরা। 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’ (ইউডিসিজিপি)-এর আওতায় মঙ্গলবার রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়েছে। রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান। রাজশাহীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়নের জন্য রাজশাহী দীর্ঘদিন ধরে পরিচিত। এ সুনাম ধরে রাখতে নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সিটি করপোরেশন। তবে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরো বলেন, নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ, নাগরিক সেবার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাথ দখলমুক্তকরণ, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও সবুজায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলছে। পাশাপাশি রাজশাহীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং নগর ভবনসহ সিটি করপোরেশনের বিভিন্ন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা নেয়া হচ্ছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা অর্জন এবং তা নিজ নিজ এলাকায় কাজে লাগানোই এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এক সিটি করপোরেশনের অর্জন ও অভিজ্ঞতা অন্য সিটি করপোরেশনের জন্য অনুকরণীয় হতে পারে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান বলেন, জাইকার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের নগর উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই।
কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের পাশাপাশি এলজিইডি, জাইকা এবং ইউডিসিজিপির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
তিন দিনব্যাপী এ কর্মশালা আগামীকাল শেষ হবে। কর্মশালার অংশ হিসেবে প্রতিনিধিরা রাজশাহী সিটি করপোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতে সড়ক পরিষ্কারের কার্যক্রমসহ নগরীর বিভিন্ন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।