
ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে ৫৯ শতাংশ ফিলিস্তিনি পছন্দ করলেও, ৩৭.৪ শতাংশ কোনো নেতাকেই সমর্থন করেন না। এটি রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা এবং নতুন করে শান্তি আলোচনা শুরুর বিষয়ে চলমান অনিশ্চয়তাকেই তুলে ধরে।
গত সপ্তাহে প্রকাশিত ফিলিস্তিনি সেন্টার ফর পাবলিক ওপিনিয়ন (পিসিপিও)-এর এক নতুন জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে বেশি পছন্দ করবেন সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনি (৫৯ শতাংশ), যদিও উল্লেখযোগ্য সংখ্যক ৩৭.৪ শতাংশ কোনো নেতাকেই সমর্থন জানান না।
২০২৬ সালের ৬ থেকে ১৮ নভেম্বরের মধ্যে পশ্চিম তীর ও গাজার ৩০৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর জরিপ চালিয়ে পিসিপিও দেখেছে যে উভয় অঞ্চলের ফিলিস্তিনিরাই আইজেনকোটের প্রতি প্রায় একই রকম সমর্থন দেখিয়েছেন; পশ্চিম তীরের ৫৮.৯ শতাংশ এবং গাজার ৫৯.১ শতাংশ উত্তরদাতা তাকে পছন্দ করেছেন।
মাত্র ২.৬ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তারা নেতানিয়াহুকে সমর্থন করেন।
পিসিপিও-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. নাবিল কুকালি বলেন, ’একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে অন্যজনের চেয়ে বেশি পছন্দ করার মানেই এই নয় যে ওই ব্যক্তির রাজনৈতিক কর্মসূচিকে সমর্থন করা হচ্ছে বা ফিলিস্তিনিদের জাতীয় অধিকার নিয়ে তার অবস্থানের প্রতি আস্থা রাখা হচ্ছে। নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা মানেই যে উত্তরদাতারা ইসরাইলি নীতিতে মৌলিক পরিবর্তনের আশা করছেন, তাও স্বয়ংক্রিয়ভাবে সত্য নয়। যে ৩৭.৪ শতাংশ কোনো প্রার্থীকেই পছন্দ করেননি, তারা আইজেনকোটের এগিয়ে থাকার বিষয়টির মতোই বিশ্লেষণের দাবি রাখেন। এই বিপুল অনুপাত উপস্থাপিত বিকল্পগুলোর সীমাবদ্ধতাকেই তুলে ধরে এবং এই সম্ভাবনাই জাগায় যে অনেক উত্তরদাতা এই দুই ব্যক্তিত্বের কাউকেই তাদের প্রত্যাশা পূরণকারী রাজনৈতিক বিকল্প হিসেবে মনে করেন না।’
আইজেনকোট সরকারের অধীনে নীতি পরিবর্তনের প্রত্যাশা ফিলিস্তিনিদের
প্রায় ৬৮ শতাংশ উত্তরদাতা আইজেনকট সরকারের অধীনে ইসরাইলি নীতিতে কোনো না কোনো মাত্রায় ইতিবাচক পরিবর্তনের আশা করেছেন, যদিও মাত্র ৩০.২ শতাংশ মনে করেন এ পরিবর্তনটি বড় বা তাৎপর্যপূর্ণ হবে।
অন্যদিকে, ১৭.৪ শতাংশ বলেছেন যে তারা বিদ্যমান নীতি বহাল থাকার প্রত্যাশা করছেন, আর ১৪.১ শতাংশ ধারণা করেছেন যে জেরুসালেম ফিলিস্তিনিদের প্রতি আরো কঠোর অবস্থান গ্রহণ করবে।
মাত্র ৩৬.৪ শতাংশ উত্তরদাতা আশা করেছেন যে আইজেনকোট সরকার গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করাকে অগ্রাধিকার দেবে, আর ২৮.৯ শতাংশ মনে করেছেন যে তার সরকার ফিলিস্তিনিদের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে মনোযোগ দেবে। আরো ১৪.৮ শতাংশ আশা করেছেন যে তিনি সামরিক অভিযান ও নিরাপত্তা নীতি অব্যাহত রাখাকে অগ্রাধিকার দেবেন, যেখানে ১১.৮ শতাংশ পশ্চিম তীরে বসতি স্থাপন ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেয়ার আশঙ্কা করেছেন।
বসতি স্থাপন নীতি প্রসঙ্গে, ২৮.২ শতাংশ সম্প্রসারণ স্থগিত রাখার আশা করেছেন, আর ২৭.৯ শতাংশ আরো সম্প্রসারণের ওপর বিধিনিষেধ আরোপের ধারণা করেছেন। এর বিপরীতে, ২৩ শতাংশ বর্তমান গতিতেই বসতি সম্প্রসারণ অব্যাহত থাকার এবং ১৯ শতাংশ এর গতি আরো বাড়ার আশঙ্কা করেছেন।
কুকালি বলেন, ’আইজেনকোটের প্রতি সমর্থন নেতানিয়াহুর সাথে জড়িত নীতিগুলো থেকে সরে আসার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে, কিন্তু এর ফলে এটি প্রতিষ্ঠিত হয় না যে উত্তরদাতারা সংঘাতের মৌলিক বিষয়গুলোতে রূপান্তর আশা করছেন। আরো বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখলে, নেতৃত্বের পরিবর্তন নির্দিষ্ট কিছু নীতি পুনর্বিবেচনার সুযোগ তৈরি করতে পারে, কিন্তু এটি নিজে থেকে রাজনৈতিক রূপান্তরের নিশ্চয়তা দেয় না।’
নতুন করে শান্তি আলোচনা সম্ভব বলে মনে করেন ৭০ শতাংশেরও বেশি ফিলিস্তিনি
ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে আস্থা পুনর্গঠনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে, ৬৩.৩ শতাংশ বলেছেন যে ইসরাইলি সরকার গাজায় যুদ্ধ বন্ধ করা এবং ’শান্তির পরিবেশ তৈরি করাই’ হবে প্রথম পদক্ষেপ।
সব মিলিয়ে, ৭০.৫ শতাংশ উত্তরদাতা ইঙ্গিত দিয়েছেন যে নতুন করে শান্তি আলোচনা সম্ভব, অন্যদিকে ৫৯.৭ শতাংশ ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ককে সমর্থন করার ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে ৪২ শতাংশ বলেছেন যে তারা এ বিষয়ে খুবই আগ্রহী এবং ১৭.৭ শতাংশ কিছুটা আগ্রহী।
তিনি বলেন, ’এই ফলাফলগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য নিহিত রয়েছে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা এবং তা সত্যিই সম্পর্ক উন্নত করতে পারবে কি না—এই বিশ্বাসের মধ্যকার পার্থক্যে। নেতৃত্বের পরিবর্তন আশার দুয়ার খুলে দিতে পারে, কিন্তু কেবল ঘোষিত নীতি পরিবর্তনের মাধ্যমে আস্থা গড়ে তোলা যায় না। এর জন্য এমন বাস্তব পদক্ষেপ প্রয়োজন যা ফিলিস্তিনি ও ইসরাইলিদের এই বিষয়ে আস্থাবান করবে যে পরিবর্তনটি তাদের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলছে।’ সূত্র : জেরুসালেম পোস্ট
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









