বিদ্যুতের দাম কমানোর চেষ্টায় ভারতের সাড়া নেই!
ads

সৈয়দ সামসুজ্জামান নীপু

বিদ্যুতের দাম কমাতে এক বছরের বেশি সময় ধরে চেষ্টা চলছে। কিন্তু ভারতীয় অংশীদার ও ঋণদাতার সম্মতি না মেলায় রামপালের মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের দাম কমানো সম্ভব হয়নি। বারে বারে চিঠি পাঠিয়েও ভারতের কাছ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এমনকি চিঠির কোনো উত্তর দেয়ারও প্রয়োজন বোধ করেনি দেশটি। এখন অনেকটা বাধ্য হয়ে বিদ্যুৎ বিভাগ  ইউনিটপ্রতি ৮.৯৮ টাকার ট্যারিফেই বিদ্যুৎ কেনার  অনুমোদন চাইছে। এতে করে  ২৫ বছরে খরচ হবে প্রায় দুই লাখ ৩২ হাজার কোটি টাকা। কিন্তু বিদ্যুতের দাম কিছুটা কমালে সাশ্রয় করা সম্ভব হতো প্রায় ১১ হাজার কোটি টাকা।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে গতকাল মঙ্গলবার এই প্রতিবেদককে বলেন, বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) ২৬৬০ মেগাওয়াটের এই প্রকল্পের ট্যারিফ অনুমোদনের প্রস্তাব আমরা সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। পাঠিয়েছি আজ বুধবার সভা হওয়ার কথা রয়েছে। আমাদের প্রস্তাবিত দামে ২৫ বছরে বিদ্যুৎ কিনতে খরচ হবে প্রায় ২ লাখ ৩১ হাজার ৯৮৭ কোটি টাকা।
প্রস্তাবিত দাম কত : বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, কেন্দ্রটির ২৫ বছরের চুক্তিমেয়াদ শুরু হয়েছে ২০২৪ সালের ১২ মার্চ থেকে। বিদ্যুতের লেভেলাইজড ট্যারিফ প্রস্তাব করা হয়েছে :
আইওডি থেকে সিওডি পর্যন্ত : ৮.২৮২৮ মার্কিন সেন্ট/কিলোওয়াট ঘণ্টা (প্রায় ৯.১১ টাকা)।
সিওডির পরে : ৮.১৬৪৮ মার্কিন সেন্ট/কিলোওয়াট ঘণ্টা (প্রায় ৮.৯৮ টাকা)।
কেন্দ্রের মোট ক্ষমতা ১৩২০ মেগাওয়াট, নিট ক্ষমতা ১২৩৪.২ মেগাওয়াট। প্রকল্পের মূলধন ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯৯ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার।
হিসাবের ভিত্তি : 
ইকুইটির ওপর মুনাফা (আরওই) ১৮ শতাংশ
হিট রেট ২৩৭৪ কিলোক্যালরি/কিলোওয়াট ঘণ্টা
কয়লার দাম টনপ্রতি ১০০ ডলার
বিনিময় হার ১ ডলার = ১১০ টাকা (বিদ্যুৎ বিভাগ থেকে এই রেইট ধরা হয়েছে)
প্ল্যান্ট ফ্যাক্টর ৮৫ শতাংশ
কার্যকরী মূলধনের সুদ ৮ শতাংশ
মোট কত খরচ
বিদ্যুৎ বিভাগের হিসাবে:
আইওডি থেকে সিওডি পর্যন্ত সময়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) দিতে হবে প্রায় ৫,১০৪ কোটি টাকা।
সিওডির পর বছরে লাগবে প্রায় ৯,২৭৮ কোটি টাকা। এটি ১ ডলার=১২৩.৬৫ টাকা (২০২৬ সালের ২৭ সেপ্টেম্বরের হার) ধরে করা হিসাব। ২৫ বছরে মোট পরিশোধ করতে হবে প্রায় ২ কোটি ৩২ হাজার কোটি টাকা। ২৫ বছর মোট বিদ্যুৎ কিনতে এই পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। 
বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, বিউবো পুরো বিদ্যুৎ এই ট্যারিফেই কেনে। কেনা ও বিক্রির দামের ফারাক সরকার ভর্তুকি হিসেবে মেটায়। ভর্তুকি নিশ্চিত করতে ট্যারিফ অনুমোদন জরুরি।
দাম কি বেশি রাখা হচ্ছে : নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক সূত্র জানায়, আগের একটি হিসাবের চেয়ে প্রস্তাবিত দাম বেশি। ২০২৫ সালের ২৬ নভেম্বর বিউবো বোর্ডের সভায় ১২ শতাংশ আরওই ধরে লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ হয়েছিল। তাতে সিওডির পরে দাম ছিল ৭.৭২৯০ সেন্ট (প্রায় ৮.৫০ টাকা)। পরে ২০২৬ সালের ৯ এপ্রিল বিউবো বোর্ড পিপিএর ষষ্ঠ তফসিল অনুযায়ী ১৮ শতাংশ আরওই ধরা ৮.১৬৪৮ সেন্টের কাঠামো সুপারিশ করে।
বিউবো বোর্ডের ২০২৫ সালের নভেম্বরের একটি হিসাবের চেয়ে প্রস্তাবিত ট্যারিফ প্রতি ইউনিটে প্রায় ৪৮ পয়সা বেশি।  আনুমানিক হিসাবে এর অর্থমূল্য ২৫ বছরে প্রায় ১১ হাজার কোটি টাকা। তবে বিনিময় হার, কয়লার দাম বা সুদের হার বদলালে এই  অঙ্ক বাড়তে পারে। আগের হিসাবে দাম ধরা ছিল ৮.৫০ টাকা (১২% আরওই), আর এখন প্রস্তাব ৮.৯৮ টাকা (১৮% আরওই)। 
ধাপে ধাপে হিসাব
দামের ফারাক : ৮.৯৮১৩ - ৮.৫০১৯ = প্রায় ০.৪৮ টাকা প্রতি ইউনিটে (প্রতি কিলোওয়াট ঘণ্টায়)।
বছরে কত বিদ্যুৎ কেনা হবে: নিট ক্ষমতা ১২৩৪.২ মেগাওয়াট  ৮,৭৬০ ঘণ্টা ৮৫% প্ল্যান্ট ফ্যাক্টর ৯১৯ কোটি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা)।
বছরে বাড়তি খরচ : ৯১৯ কোটি ইউনিট  ০.৪৮ টাকা ৪৪০ কোটি টাকা।
২৫ বছরে : ৪৪০ কোটি  ২৫ ১১,০০০ কোটি টাকা।
 পিপিএতে সুনির্দিষ্ট দাম নেই, চুক্তিতে ট্যারিফের অঙ্কও বসানো নেই। প্রকৃত খরচের ভিত্তিতে ট্যারিফ নির্ধারণের একটি ফর্মূলা দেয়া আছে। ২০২৫ সালের ২৩ জুলাই বিউবো ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটি সেই কাজ করেছে।
সূত্র জানায়, চূড়ান্ত বিল এই অঙ্কে স্থির থাকবে না। ট্যারিফ নির্ধারণে কয়লার দাম ১০০ ডলার ধরা হলেও বিল পরিশোধের সময় ব্যবহার হবে প্রকৃত কয়লার দাম, নির্ধারিত দিনের বিনিময় হার এবং প্রযোজ্য সোফর (এসওএফআর) ও কার্যকরী মূলধনের সুদের হার। কয়লার দাম বা ডলারের দর বাড়লে বিলও বাড়বে।
ট্যারিফ কমানোর উদ্যোগ ও ভারতের নীরবতা : জানা গেছে, বিদ্যুৎ বিভাগ ২০২৫ সালের ১৯ মার্চ যৌথ উদ্যোগের কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর ট্যারিফ পুনঃ আলোচনার নির্দেশ দেয়। ওই বছরের ২৮ এপ্রিল গঠিত হয় ট্যারিফ নেগোসিয়েশন কমিটি। কমিটি বিআইএফপিসিএলের সাথে একাধিক সভা করে এবং বারবার চিঠি পাঠায়। বিআইএফপিসিএল ২০২৬ সালের ১০ মার্চ জানায়, ভারতীয় প্রোমোটার এনটিপিসি ও ঋণদাতা এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার (এক্সিম) সম্মতি বা মতামত পাওয়া যায়নি। পরে বিদ্যুৎ বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ভারত সরকারের সহযোগিতা চায়। এখনো কোনো মতামত বা সিদ্ধান্ত আসেনি।
কেন সাড়া মিলছে না
যৌথ মালিকানা : বিদ্যুৎ কেন্দ্রটি বিআইএফপিসিএল বিউবো ও এনটিপিসির ৫০:৫০ যৌথ উদ্যোগ প্রতিষ্ঠিত। দুই প্রোমোটার ও ঋণদাতা, এই তিন পক্ষের সম্মতি ছাড়া ট্যারিফ কমানো কার্যকর হয় না। একটি পক্ষ রাজি না হলেই প্রক্রিয়া আটকে যায়।
 চুক্তির বাধ্যবাধকতা : ২০১৩ সালের পিপিএতে ট্যারিফ নির্ধারণের সূত্র ঠিক করা আছে। ছাড় দেয়া চুক্তির দাবি নয়, ভারতীয় পক্ষের স্বেচ্ছাধীন সিদ্ধান্ত। প্রণোদনা না থাকলে তারা এগোতে না-ও চাইতে পারে।
 ঋণ পরিশোধের চাপ : প্রকল্পটি এক্সিম ব্যাংকের ১৬০০ মিলিয়ন ডলার ঋণে তৈরি, যার বিপরীতে বাংলাদেশ সরকারের সার্বভৌম গ্যারান্টি আছে। ট্যারিফ কমলে প্রকল্পের আয় ও ঋণ পরিশোধের হিসাব বদলাতে পারে। ঋণদাতার অনীহার সম্ভাব্য কারণ এটি।
সূত্র জানায়, ভবিষ্যতে ট্যারিফ হ্রাসের উদ্যোগ সফল হলে এই কেন্দ্রের ট্যারিফ সে অনুযায়ী পুনঃসংশোধন করা হবে। কমানো দাম প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদনের তারিখ থেকে প্রযোজ্য হবে। আজ অনুমোদন হলে এই দামে বিদ্যুৎ কেনা হবে।