
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই ইরানের ওপর অবরোধ আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে ‘বিভ্রান্তিকর ও নিষ্ফল’ বলে প্রত্যাখ্যান করেছেন। একই সাথে তেহরান এই অবরোধ ভাঙতে এবং যেকোনো নতুন আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্পের পরিকল্পনা ও তেহরানের হুঁশিয়ারি
মঙ্গলবার এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে রেজাই বলেন, ট্রাম্প এবং তার দল ইরানের বিরুদ্ধে তাদের ব্যর্থ আগ্রাসন থেকে কোনো শিক্ষা নিতে পারেনি।
রেজাই লিখেছেন, ‘ইরানকে অবরোধ করার বিষয়ে ট্রাম্প এবং তার পরাজিত দলের পরিকল্পনা তাদের ব্যর্থ যুদ্ধ কৌশলের মতোই বিভ্রান্তিকর ও নিষ্ফল।’
‘ইরানি জাতি, সশস্ত্র বাহিনী এবং পুরো রাষ্ট্রযন্ত্র এই অবরোধ ভাঙতে এবং যেকোনো নতুন আগ্রাসনের পূর্ণ শক্তিতে জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
‘আয়রন গেট’ অভিযান ও প্রেক্ষাপট
ট্রাম্প প্রশাসন টাস্ক ফোর্স ‘আয়রন গেট’ নামক একটি নতুন উদ্যোগের মাধ্যমে ইরানের বিরুদ্ধে চাপের অভিযান জোরদার করার প্রেক্ষাপটে রেজাই এই মন্তব্য করলেন।
ওয়াশিংটন দাবি করেছে, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগর জুড়ে বাণিজ্য পথগুলোকে লক্ষ্যবস্তু করে বিদ্যমান নৌ-অবরোধকে আরো বিস্তৃত করা।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলি শাসনের সাথে মিলে তেহরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন ইরানের ওপর এই অবৈধ অবরোধ আরোপ করে।
স্থল অবরোধ নিয়ে আরাগচির মন্তব্য
সোমবার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে পারবে—এমন ধারণা অযৌক্তিক।’
বিশাল সীমান্ত সংলগ্ন প্রদেশগুলোর সাথে প্রতিবেশী দেশগুলোর গভীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরাগচি বলেন, ‘ইরানের বিশাল আয়তন এবং এর প্রদেশগুলোর বৈচিত্র্য বিবেচনা করলে দেশটিতে স্থল অবরোধ আরোপ করা প্রায় অসম্ভব, কারণ প্রতিটি প্রদেশের নিজস্ব সক্ষমতা রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









