
বৈদেশিক মুদ্রা অর্জনে ইরানের ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুদ্রা পর্যবেক্ষক সংস্থা ‘আলানচান্দ’-এর তথ্য অনুযায়ী, তেহরানের খোলা বাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ২৮ লাখ ৫৬ হাজার রিয়াল বা দুই লাখ ৮৫ হাজার ৬০০ তোমান।
এদিকে আরেকটি পর্যবেক্ষক সংস্থা ‘পাশিজি’-এর তথ্য অনুযায়ী, প্রতি ডলারের বিক্রয়মূল্য ছিল ২৮ লাখ ৪৮ হাজার রিয়াল বা দুই লাখ ৮৪ হাজার ৮০০ তোমান।
এর আগে, গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ দুই ডজনেরও বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, এরা সবাই ইরানের ‘শ্যাডো ব্যাংকিং’ বা গোপন ব্যাংকিং নেটওয়ার্কের অংশ।
ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই নেটওয়ার্কটি ইরানি কোম্পানিগুলোকে আন্তঃসীমান্ত লেনদেন সম্পন্ন করতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে।
এই নিষেধাজ্ঞার আওতায় ইরান কারেন্সি অ্যান্ড গোল্ড এক্সচেঞ্জ সেন্টারও রয়েছে। ইরানের তাসনিম নিউজ অ্যাজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, এই কেন্দ্রটি লেনদেন নিবন্ধনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
ইরানে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই রিয়ালের এই দরপতন ঘটল। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে শেষ হওয়া ইরানি মাস মেহরে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৮৮ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।
মেহর মাস পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। একই সময়ে খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্যের দাম আগের বছরের একই মাসের তুলনায় ১১৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









