
এনডিটিভি
নেপালের বন্যাকবলিত অঞ্চলের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ১৫ হাজার কোটি ভারতীয় রুপির (২৪ হাজার কোটি নেপালি রুপি) অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই ঘোষণা দেয়া হয়। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে মোদি জানান, নেপালের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত, জনপদ পুনর্গঠন এবং বন্যায় বাড়িঘর ও জীবিকা হারানো মানুষের সহায়তা করা হবে।
গত ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যায় ১ হাজার ৫০০ মানুষের প্রাণহানি ঘটে এবং ৫ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ হন। ওই দুর্যোগের পর দেশটির পুনরুদ্ধার কার্যক্রমে ভারতের ঘোষিত এই সহায়তাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে ৩৫ বছর বয়সী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের উন্নয়ন পরিকল্পনা ও দূরদর্শিতার প্রশংসা করেন মোদি। তিনি উল্লেখ করেন, চলতি বছর নেপালের জনগণ শাহকে যে ঐতিহাসিক জনরায় দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আকাক্সক্ষা ও প্রত্যাশারই প্রতিফলন। মোদি বলেন, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে আসায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। কয়েক মাস আগে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসঙ্ঘে তার দেয়া বক্তব্যে আমরা তার দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতার স্পষ্ট পরিচয় পেয়েছি। গত কয়েক ঘণ্টার আলোচনায় নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্কের বিষয়ে তার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার উপলব্ধি করেছি।’
ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী দেশ নয়; বরং দীর্ঘদিনের আস্থা ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ দুই রাষ্ট্র। দুই দেশের আকাক্সক্ষা ও চ্যালেঞ্জের মধ্যে মিল রয়েছে এবং সঙ্কটময় সময়ে তারা একে-অপরের পাশে দাঁড়ায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









