ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আটকা পড়ে ৬ ফেরি
কুয়াশা কমে যাওয়ার পর ফেরি আবার যাত্রা শুরু করে : নয়া দিগন্ত।
ads

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি ও লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে নৌযান চলাচল শুরু হয়।
এর আগে রোববার রাত ৩টা ১০ মিনিটে পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে নৌপথের বিকন বাতি ও বয়া দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝনদীতে দু’টি এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি আটকা পড়ে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনের চালকদের দুর্ভোগে পড়তে হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের এজিএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শীত মৌসুমে রাতে প্রায়ই ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখতে হয়। কুয়াশার ঘনত্ব কমে আসার পর পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করা হয়।