
চুয়াডাঙ্গা প্রতিনিধি
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন যশোর, চুয়াডাঙ্গাসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন মাসে এসব অভিযানে ৯০ জন আসামিকে গ্রেফতার এবং প্রায় ৫৫ কোটি ১১ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি অবৈধ স্বর্ণ, বিভিন্ন প্রকারের পাঁচটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নগুলো এসব অভিযান পরিচালনা করে। যশোর রিজিয়নের আওতায় প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়নের ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
এ সময়ে মাদকবিরোধী অভিযানে তিন হাজার ২৫০ বোতল মদ, এক হাজার ২৮০ বোতল ফেনসিডিল, সাত কেজি ক্রিস্টাল মেথ, ১৯২ কেজি গাঁজা, ৬১ হাজার ৮৬০টি ইয়াবা এবং তিন লাখ ৪৫ হাজার ২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৩ কোটি ৩৯ লাখ টাকা।
এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চোরাচালান ও মাদক প্রতিরোধের পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সঙ্কট সৃষ্টি এবং পাচার রোধেও বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









