ডাকসু নেতাদের গ্রামের বাড়িতে ধারাবাহিক অগ্নিসংযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ads

  • অভিযোগের তীর নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে
  • আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখা যায়নি  : ডাকসু নেতারা



ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের গ্রামের বাড়ি ও পরিবারের সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গত কয়েক দিনের ব্যবধানে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের পরিবারের বাড়িতে হামলা ও আগুন দেয়া হয়েছে।
সর্বশেষ গতকাল সোমবার রাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় তার বাবা-মা বাড়ির ভেতরে ঘুমিয়েছিলেন। এর আগে রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়িতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। গত ১৮ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
একের পর এক এসব ঘটনায় ডাকসুর নেতারা পরিবারের  নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। অন্য দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় তিনজনকে শনাক্ত করার তথ্য পাওয়া গেছে। বাকি দুই ঘটনায় তদন্ত ও গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট পদক্ষেপ দেখা যায়নি। 
সাদিকের বাড়িতে পেট্রোলবোমা, তিনজন শনাক্ত
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদরের নয়নপুর এলাকায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন সাদিক কায়েম। এ সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করেন।
পরবর্তী সময়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কায় কিসলু জানান, শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উত্তর সবুজবাগ এলাকার মো: মুন্না ও মো: সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে আরো একজনকে দেখা গেলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদি হয়ে মামলা করেছেন বলে পরবর্তী প্রতিবেদনে জানানো হয়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানোর কথা জানিয়েছে।
মুসাদ্দিকের বাড়িতে দুই দফায় হামলা
এর আগে গত ১৮ নভেম্বর রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঘুনসি গ্রামে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আগুন দেয়া হয়। পরদিন ১৯ নভেম্বর সকালে তার  বাড়িতে ফের হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
হামলার আগে তার ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। মুসাদ্দিক অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশনায় তার বাড়িতে হামলা হয়েছে।
মুসাদ্দিক জানান, হামলার আগে পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি। নিজের ফেসবুক পোস্টেও তিনি বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন।
নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পরিণতি ভোগ করতে হবে : ডাকসু নেতারা
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ অন্যান্য ডাকসু নেতাদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা এবং জুলাই বিপ্লবের সাথে যুক্ত ব্যক্তিদের পরিবারের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন ডাকসুর নেতারা। এ সময় দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নৈরাজ্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে। একই সাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তারা।
গত রোববার সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের মল চত্বর, সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন-সংলগ্ন ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘আপা, আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘ভিপির বাড়ি আগুন কেন? সালাউদ্দিন জবাব দে’ এবং ‘এই সালাউদ্দিনের গভীর ঘুম, লীগ করে মানুষ খুন’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বক্তব্য দেন।
আগাম আশঙ্কা জানানোর পরও নিরাপত্তা দেয়নি পুলিশ: ফরহাদ
সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগের ঐতিহাসিক বৈশিষ্ট্য হচ্ছে খুন ও গণহত্যা। জুলাই গণ-অভ্যুত্থানের পরও থানা ও কারাগার লুট, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। গত ১৫ বছরে শাপলা গণহত্যা, বিডিআর গণহত্যা ও জুলাই গণহত্যার বিচার হয়নি। এসব ঘটনার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে।
সাদিক কায়েমের বাড়িতে হামলার বিষয়ে ফরহাদ বলেন, হামলার আশঙ্কার কথা জানিয়ে সাদিক কায়েম দুই দিন আগে স্থানীয় পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেছিলেন। আওয়ামী লীগের লোকজন তাদের খুঁজছে এবং হত্যার চেষ্টা করতে পারে বলে পুলিশকে জানিয়েছিলেন তিনি। এরপরও বাড়ির নিরাপত্তায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ফরহাদ বলেন, দলটি আর বাংলাদেশে ফিরতে পারবে না। দেশের তরুণ প্রজন্ম আওয়ামী লীগের বিরুদ্ধে আরো শক্তি নিয়ে দাঁড়াবে। নড়াইল, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।