
ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। দলিলের বিভিন্ন ত্রুটি দেখিয়ে নিবন্ধন আটকে রাখা কিংবা জমা দেয়া দলিল ফেরত দেয়ার অভিযোগ উঠেছে। পরে অফিসের নকলনবিস ও উমেদারের সাথে যোগাযোগের মাধ্যমে অর্থের বিনিময়ে সেই দলিল নিবন্ধনের ব্যবস্থা করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের। এ প্রক্রিয়ায় সাবরেজিস্ট্রার রাজীব মজুমদারের নামও উঠে এসেছে।
অভিযোগ রয়েছে, সাবরেজিস্ট্রার রাজীব মজুমদার সরাসরি সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেন না। অফিসের নকলনবিস ফেরদৌস ও উমেদার সেলিমের মাধ্যমে চলে অর্থের দর-কষাকষি। তাদের কেউ একজন সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে প্রস্তাব নিয়ে সাবরেজিস্ট্রারের এজলাসে গিয়ে কানে কানে বিষয়টি জানান। প্রস্তাবিত অর্থের পরিমাণ পছন্দ হলে ফেরত দেয়া দলিল পুনরায় জমা দিতে বলা হয়। এরপর সেটি নিবন্ধন করা হয়। আর অর্থের পরিমাণ পছন্দ না হলে তা বাড়িয়ে দিতে বলা হয়। পরে মধ্যস্থতাকারীরা সংশ্লিষ্ট দলিল লেখক বা গ্রাহককে বিষয়টি জানিয়ে আবার দর-কষাকষি করেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, এ ধরনের লেনদেনের অধিকাংশ ক্ষেত্রে দলিল লেখক কিংবা তাদের সহকারীরা মধ্যস্থতা করেন। ফলে অনেক সময় প্রকৃত গ্রাহকও বুঝতে পারেন না, তার দলিল নিবন্ধনের জন্য অতিরিক্ত অর্থ কাকে বা কেন দিতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন, আমরা তো নিরুপায়। জমি কেনাবেচার ক্ষেত্রে দাতা ও গ্রহীতা আগেই টাকা লেনদেন করে ফেলেন। শেষ মুহূর্তে দলিল নিবন্ধন না হলে উভয় পক্ষই সমস্যায় পড়েন। এই সুযোগ নেয়া হয়। দলিল আটকে গেলে নিবন্ধন সম্পন্ন করতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে হয়।
এ ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বাসিন্দা আম্বর আলী। তার ভাষ্য অনুযায়ী, দক্ষিণ কেরানীগঞ্জের চর গলগলিয়া মৌজায় তার বাবার নামে ১৩ শতাংশ জমি রয়েছে। জমির নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রয়েছে। তিনি নিজের অংশ বোন মাসুদাকে হেবা দলিল করে দিতে সাবরেজিস্ট্রার রাজীব মজুমদারের কাছে দলিল জমা দেন। কিন্তু দাতার নামে নামজারি ও খাজনা নেই- এমন কারণ দেখিয়ে দলিলটি ফেরত দেয়া হয়।
পরে অফিসের নকলনবিস ফেরদৌসের মাধ্যমে ১৫ হাজার টাকা দেয়ার পর দলিলটি নিবন্ধন করা হয় বলে অভিযোগ করেন আম্বর আলী। তার দাবি, প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও দলিল আটকে রেখে এভাবে অর্থ আদায় করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক দলিল লেখক জানান, তিনি একটি মর্টগেজ দলিল নিবন্ধনের জন্য জমা দিয়েছিলেন। সেকশন লেটারে অসঙ্গতি রয়েছে- এমন ত্রুটি দেখিয়ে দলিলটি ফেরত দেয়া হয়। পরে ১০ হাজার টাকা দেয়ার পর সেটি নিবন্ধন করা হয় বলে তার অভিযোগ।
ভুক্তভোগী নাসির উদ্দীন বলেন, তার কয়েকজন আত্মীয় চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ৫৮ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। একজন ক্রেতা না পাওয়ায় দুই ব্যক্তি ২৯ শতাংশ করে জমি কেনেন। দুই ক্রেতা আলাদা দলিল নিবন্ধনের জন্য গেলে সাবরেজিস্ট্রার রাজীব মজুমদার জানান, একই দিনে দুটি দলিলে জমি বিক্রি করা যাবে না। পরে জমি কেনাবেচার অর্থ লেনদেন হয়ে যাওয়ায় বাধ্য হয়ে দুই ক্রেতা একটি দলিলের মাধ্যমে জমি নিবন্ধন করেন। এতে তারা বিড়ম্বনায় পড়েন বলে জানান নাসির উদ্দীন।
অফিসসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দেশের ব্যস্ততম সাবরেজিস্ট্রি অফিসগুলোর একটি দক্ষিণ কেরানীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস। এখানে বছরে প্রায় ১৫ থেকে ১৬ হাজার দলিল নিবন্ধন হয়। অথচ দীর্ঘদিন ধরে অফিসে জনবল সঙ্কট রয়েছে। অফিস সহকারী ও পিয়নের পদ শূন্য। টিসি মোহরার একজন থাকলেও মোহরারের দু’টি পদই শূন্য রয়েছে। তাজুল ইসলাম নামে একজনকে পিয়ন পদে পদায়ন করা হলেও তিনি প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত বলে সূত্রগুলো জানিয়েছে। জনবল সঙ্কটের কারণে স্বাভাবিক সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
সেবাগ্রহীতাদের অভিযোগ, জনবল সঙ্কটের পাশাপাশি দলিল নিবন্ধনের ক্ষেত্রে অযৌক্তিক আপত্তি, দলিল ফেরত দেয়া এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থের দর-কষাকষির অভিযোগে অফিসটিতে এক ধরনের অনিয়মের পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত নিবন্ধনসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এসব অভিযোগের বিষয়ে জানতে সোমবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ সাবরেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে সাবরেজিস্ট্রার রাজীব মজুমদারের সাথে কথা বলেন এ প্রতিবেদক। তার বিরুদ্ধে ওঠা দলিল আটকে রাখা, মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থের দর-কষাকষি এবং অর্থের বিনিময়ে দলিল নিবন্ধনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









