সাইবার আইনের সংশোধনী ঘিরে কড়া বার্তা অ্যামনেস্টির
ads

নয়া দিগন্ত ডেস্ক
অস্পষ্ট সংজ্ঞা, অনুমাননির্ভর নিষেধাজ্ঞা আর কর্মকর্তাদের দায়মুক্তির বিধান রেখে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার জন্য নতুন হুমকি হয়ে উঠতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি কর্তৃপক্ষকে ‘খেয়ালখুশিমতো’ ক্ষমতা দেয়ার সুযোগ তৈরি করা এই খসড়া আইন নাগরিক সুরক্ষার বদলে সমালোচকদের দমনের হাতিয়ারে পরিণত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে।
গতকাল প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, প্রস্তাবিত আইনের মাধ্যমে সরকার যেকোনো অনলাইন কনটেন্ট সরিয়ে ফেলা, ব্লক করা কিংবা অন্যত্র সরিয়ে দেয়ার ক্ষমতা পেতে পারে। জাতীয় নিরাপত্তা, দেশের মর্যাদা ও অখণ্ডতা ক্ষুণœ করা কিংবা ধর্মীয় ও সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির আশঙ্কা রয়েছে- এমন বিস্তৃত ও অস্পষ্ট সংজ্ঞার আওতায় কনটেন্ট নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে।
সংস্থাটির মতে, কোনো বিষয়বস্তু নিরাপত্তা ক্ষুণœ করতে পারে বা ধর্মীয় ও সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করতে পারে- শুধু এমন আশঙ্কার ভিত্তিতে তা সরিয়ে ফেলা বা ব্লক করার সুযোগ রাখা হয়েছে। এ ধরনের অস্পষ্ট ও অনুমাননির্ভর বিধান অপব্যবহারের ঝুঁকি বাড়াবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে মতপ্রকাশের স্বাধীনতাকে মূলনীতি এবং এর ওপর বিধিনিষেধকে ব্যতিক্রম হিসেবে বিবেচনা করা হয়েছে। বিধিনিষেধের ব্যাখ্যা হতে হবে সংকীর্ণ ও সুনির্দিষ্ট। কোনো বিধিনিষেধই যেন মতপ্রকাশের স্বাধীনতার মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত না করে।
তিনি বলেন, যেকোনো বিধিনিষেধকে আইনসম্মত, বৈধ উদ্দেশ্যভিত্তিক, প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে। কিন্তু প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের বিধানগুলো এসব শর্ত পূরণে অনেক পিছিয়ে রয়েছে। বরং অস্পষ্ট ভাষায় তৈরি বিভিন্ন বিধানের মাধ্যমে অনলাইনে মতপ্রকাশ দমনে কর্তৃপক্ষকে অতিরিক্ত ক্ষমতা দেয়া হচ্ছে।
স্মৃতি সিং বলেন, ‘বাংলাদেশের এমন একটি সাইবার আইন প্রণয়নের চেষ্টা করা উচিত, যা নাগরিকদের সুরক্ষা দেবে, তাদের কণ্ঠরোধ করবে না।’
প্রস্তাবিত সংশোধনীতে মানহানি, অপমান ও বুলিং বা অনলাইন হয়রানির মতো বিষয়বস্তু সরানো, ব্লক করা কিংবা অন্যত্র সরিয়ে দেয়ার বিধান রাখা হয়েছে। কিন্তু এসব কর্মকাণ্ডের সংজ্ঞা অস্পষ্ট ও অতিবিস্তৃত বলে মনে করছে অ্যামনেস্টি। ফলে বৈধ অনলাইন বক্তব্যের বিরুদ্ধেও এসব বিধান প্রয়োগের আশঙ্কা রয়েছে। 
উদাহরণ হিসেবে সংস্থাটি বলেছে, প্রস্তাবিত আইনে অপমানের সংজ্ঞায় এমন কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার উদ্দেশ্য কাউকে হেয় করা, উপহাস করা কিংবা অবজ্ঞা করার মাধ্যমে তার ব্যক্তিগত মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করা। কিন্তু মর্যাদা ও আত্মসম্মানের মতো বিষয় অনেকটাই ব্যক্তিনির্ভর। ফলে এ ধরনের সংজ্ঞা আন্তর্জাতিক মানবাধিকার আইনের নির্দিষ্ট ও স্পষ্ট আইন প্রণয়নের শর্ত পূরণ করে না।
অ্যামনেস্টির মতে, অন্যের অধিকার ও সুনাম, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য কিংবা নৈতিকতা রক্ষার মতো বৈধ উদ্দেশ্য ছাড়া মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ আরোপ করা যায় না। আর বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে তা অবশ্যই প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে।
গুজব ও মানহানিকে অপরাধ রাখার সমালোচনা
প্রস্তাবিত সংশোধনীটি গত সেপ্টেম্বরে প্রকাশিত খসড়ার হালনাগাদ সংস্করণ। প্রথম খসড়াটি নিয়ে উদ্বেগ জানিয়ে অ্যামনেস্টি এর আগে বাংলাদেশের আইনমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিল। সংস্থাটির দাবি, নতুন খসড়াতেও গুরুতর মানবাধিকার উদ্বেগের বিষয়গুলো রয়ে গেছে।
আইনের ২৫ ও ২৬ ধারায় গুজব ছড়ানো, মানহানি, বুলিং এবং অপতথ্য প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করার বিধান বহাল রাখা হয়েছে। অ্যামনেস্টির মতে, কারো সুনাম বা জনশৃঙ্খলা রক্ষার অজুহাতে মতপ্রকাশের কোনো ধরনকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না।
প্রস্তাবিত আইনে প্রতারণা, ক্ষতি, আতঙ্ক ও সামাজিক অস্থিরতার মতো বিস্তৃত এবং বিতর্কিত ধারণার ভিত্তিতেও বক্তব্যকে অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ রাখা হয়েছে। অথচ এসব অপরাধের সংজ্ঞা স্পষ্ট নয়। অপরাধের ধরন অনুযায়ী, এসব বিধান লঙ্ঘনের শাস্তি দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
কর্মকর্তাদের দায়মুক্তি নিয়েও উদ্বেগ
প্রস্তাবিত আইনে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান, সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের আইনের অধীনে ‘সরল বিশ্বাসে’ করা কাজের জন্য দায়মুক্তি দেয়ার বিধান রাখা হয়েছে। অ্যামনেস্টির আশঙ্কা, এ বিধান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি ও বিচারের আওতার বাইরে রাখার সুযোগ তৈরি করতে পারে।
স্মৃতি সিং বলেন, খসড়া আইনটির বিভিন্ন বিধান নানা ধরনের অপব্যবহারের সুযোগ তৈরি করছে। অস্পষ্ট ভাষার এসব বিধান ব্যক্তিগত প্রতিশোধ নেয়া, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এমনকি সরকারের সমালোচকদের ইচ্ছামতো গ্রেফতারের হাতিয়ার হয়ে উঠতে পারে। সুনামের সুরক্ষার অজুহাতেও মানবাধিকার খর্ব করা হতে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রস্তাবিত সংশোধনী অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। একই সাথে আইনটি সংসদীয় প্রক্রিয়ায় না নেয়া এবং কার্যকর না করার দাবি জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতা, বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।