রাজধানীতে সাবেক এমপি ও সুইডেন আসলামসহ গ্রেফতার শতাধিক
ads

 নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাবেক এক সংসদ সদস্য, আলোচিত এক শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও ডিএমপির বিভিন্ন থানা পুলিশ। গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়। 
লালমাটিয়া থেকে যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার : যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো: আজিজুল ইসলামকে (৩৩) রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির তেজগাঁও বিভাগের  উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, সোমবার বিকেলে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবি পুলিশের তথ্যমতে, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে : রাজধানীর নিউমার্কেট এলাকায় আলোচিত খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-এর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ২২ নভেম্বর থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটন ও সুইডেন আসলাম উভয়ের নামই ছিল। গত ২৮ এপ্রিল শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে গুলি করে হত্যা করা হয়। মামলার তদন্তে বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।
নাশকতার অভিযোগে আড়াইহাজারের ৩ নেতা গ্রেফতার : রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ ও অর্থ জোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সাবেক পিএস ও আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন দুলাল (৫২), স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: নয়ন (২৭) এবং শ্রমিক লীগ নেতা মো: মাহবুব (২৭) রয়েছেন।
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২১ : রাজধানীতে আইনশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের ৩২ জন নেতাকর্মীও রয়েছেন।