জিয়াউলের মামলায় যুক্তিতর্ক শুরু আজ : সরাসরি সম্প্রচারের উদ্যোগ
ads

  • জুলাই গণ-অভ্যুত্থানের বিচার
  • মানবতাবিরোধী অপরাধ


জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গুম-খুন এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুরুতর অপরাধের বিচার ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সোমবার ছিল গুরুত্বপূর্ণ দিন। শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। অন্য দিকে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের ঘটনায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করেছেন বিচারকরা। জিয়াউল আহসানের মামলাটি বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সোমবার প্রসিকিউশন সূত্র জানায়, মঙ্গলবার থেকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে তা সরাসরি সম্প্রচার করা হবে। এর মধ্য দিয়ে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা বহুল আলোচিত এ মামলার বিচারপ্রক্রিয়া জনসমক্ষে তুলে ধরার একটি উদ্যোগ নেয়া হয়েছে।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন। গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে ২২ নভেম্বর আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর্ব শেষ হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৫ জন সাক্ষী উপস্থাপন করেছে।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি পৃথক ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা এবং বাগেরহাটের শরণখোলা ও সুন্দরবনসংলগ্ন এলাকায় প্রায় ১০০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব হত্যাকাণ্ডের কিছু বনদস্যু দমনের অভিযানের আড়ালে সংঘটিত হয়েছিল বলে রাষ্ট্রপক্ষের দাবি। তবে অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা নির্ধারিত হবে বিচারিক মূল্যায়ন ও রায়ের মাধ্যমে।
এদিকে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে গতকাল হাজির হন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল তার বক্তব্যের ব্যাখ্যা শোনেন। পরে তাকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়ে অভিযোগ নিষ্পত্তি করা হয়।
গত ২৮ অক্টোবর একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিতে গিয়ে ‘কোটিতে কোটিতে’ এবং ‘বস্তা ভরে ভরে’ অর্থ লেনদেনের অভিযোগ তুলেছিলেন ফুয়াদ- এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন। তাকে ৪ নভেম্বর হাজির হতে বলা হলেও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি সেদিন উপস্থিত হতে পারেননি। পরে ২৩ নভেম্বর হাজিরার দিন নির্ধারণ করা হয়।
গতকাল ট্রাইব্যুনালে নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফুয়াদ দাবি করেন, ট্রাইব্যুনালে বস্তাভর্তি টাকা লেনদেনের কথা তিনি বলেননি। তার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তিনি মূলত পুরো বিচারব্যবস্থার দুর্নীতি ও অনিয়ম নিয়ে কথা বলেছেন এবং এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদন উল্লেখ করেছিলেন। ট্রাইব্যুনাল তাকে স্মরণ করিয়ে দেন, দায়িত্বশীল ব্যক্তির মন্তব্যে বিচারিক প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন আইনজীবী ও ব্যারিস্টার হিসেবে তার কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। ভবিষ্যতে বক্তব্য দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন ফুয়াদ।