কার্ডের ব্যবহার ৫ বছরে দ্বিগুণ ব্যয় বাড়ছে বিদেশেও
ads

বিশেষ সংবাদদাতা
বাংলাদেশে ব্যাংক কার্ডের ব্যবহার দ্রুত বাড়ছে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা বেড়েছে ৯৬ শতাংশ। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে ১০১ শতাংশ। তবে কার্ড ব্যবহারের এই প্রবৃদ্ধির পাশাপাশি দেশের বাইরে অর্থ ব্যয়ের প্রবণতাও লক্ষণীয়। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর ২০২৬-এর প্রতিবেদনে দেখা যাচ্ছে, ওই মাসে দেশের বাইরে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডে মোট ব্যয় হয়েছে ১০ হাজার ৪০২ মিলিয়ন টাকা বা প্রায় ১ হাজার ৪০ কোটি টাকা। বিপরীতে বিদেশী কার্ড ব্যবহার করে বাংলাদেশে লেনদেন হয়েছে ২ হাজার ২৯৫ মিলিয়ন টাকা বা প্রায় ২২৯ কোটি ৫০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের বিগ ডাটা অ্যানালিটিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইউনিট এর গতকাল  প্রকাশিত ‘বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে কার্ড ব্যবহারের ধরন : একটি পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কার্ডের সংখ্যা ও লেনদেনের প্রবৃদ্ধি, দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের ব্যবহার এবং আন্তর্জাতিক লেনদেনের খাত ও দেশভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে।
পাঁচ বছরে কার্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর মাসে দেশে ডেবিট কার্ড ছিল ২ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৩৬৩টি। ২০২৬ সালের সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৯০৩টিতে। ক্রেডিট কার্ডের সংখ্যা ১৭ লাখ ৭৯ হাজার ৭৯৪ থেকে বেড়ে হয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ৬৩৫টি। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি প্রিপেইড কার্ডে। ২০২১ সালের অক্টোবরে এ ধরনের কার্ড ছিল ১০ লাখ ৭৫ হাজার ৯টি; পাঁচ বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ লাখ ৬৭ হাজার ৭৫৩টিতে।
সব মিলিয়ে তিন ধরনের কার্ডের সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার থেকে বেড়ে ৫ কোটি ৩৮ লাখ ৬০ হাজারে পৌঁছেছে। অর্থাৎ পাঁচ বছরে কার্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ২ লাখ ৫২ হাজার ৯১৮ মিলিয়ন টাকা থেকে বেড়ে ৫ লাখ ৭ হাজার ৫৯০ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডেবিট ও ক্রেডিট কার্ডের সংখ্যা যথাক্রমে ৩৯ ও ৩৪ শতাংশ বেড়েছে। তবে প্রিপেইড কার্ডের প্রবৃদ্ধি ১৮৬ শতাংশ। এ প্রবণতা ডিজিটাল লেনদেনে নতুন ধরনের কার্ডের ব্যবহার বৃদ্ধির ইঙ্গিত দেয়।
দেশের ভেতরে ক্রেডিট কার্ডে কেনাকাটা বাড়ছে
২০২৬ সালের সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ৪২ হাজার ১৬৩ মিলিয়ন টাকা। আগস্টে এর পরিমাণ ছিল ৪০ হাজার ৮৯৩ মিলিয়ন টাকা। এক মাসে প্রবৃদ্ধি ৩ দশমিক ১০ শতাংশ।
দেশের ভেতরে ক্রেডিট কার্ড ব্যবহারের সবচেয়ে বড় ক্ষেত্র ডিপার্টমেন্ট স্টোর। সেপ্টেম্বরে মোট ক্রেডিট কার্ড ব্যয়ের ৪৮ দশমিক ৭৬ শতাংশ হয়েছে এ খাতে। দ্বিতীয় অবস্থানে রিটেইল আউটলেট সার্ভিসেস, যার অংশ ১২ দশমিক ৬৫ শতাংশ। ইউটিলিটি বিল পরিশোধে ৭ দশমিক ৩৩ শতাংশ, ওষুধ ও ফার্মেসিতে ৬ দশমিক ৯৮ শতাংশ এবং নগদ অর্থ উত্তোলনে ৫ দশমিক ৮৯ শতাংশ ব্যয় হয়েছে।
লেনদেনের ধরন বিশ্লেষণে দেখা যায়, অভ্যন্তরীণ ক্রেডিট কার্ড লেনদেনের ৯২ দশমিক ৪৬ শতাংশই পণ্য ও সেবা কেনাকাটায় ব্যবহৃত হয়েছে। নগদ অর্থ উত্তোলনে ব্যয় হয়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ এবং অর্থ স্থানান্তরে ১ দশমিক ৬৪ শতাংশ।
এ চিত্রে বোঝা যায়, ক্রেডিট কার্ডের ব্যবহার মূলত কেনাকাটা ও দৈনন্দিন ব্যয়ের সাথে যুক্ত। তবে মূল্যস্ফীতি, ব্যাংকের প্রচারণামূলক সুবিধা এবং বড় বিপণিবিতানে কার্ড গ্রহণের সুবিধা- এসব কারণ ডিপার্টমেন্ট স্টোরে কার্ড ব্যবহারের প্রবণতাকে প্রভাবিত করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 
বিদেশে কার্ডে ব্যয় ১ হাজার ৪০ কোটি টাকা
সেপ্টেম্বরে বাংলাদেশের কার্ডধারীরা দেশের বাইরে ক্রেডিট কার্ডে ব্যয় করেছেন ৫ হাজার ৪০২ মিলিয়ন টাকা। আগস্টে এ ব্যয় ছিল ৫ হাজার ৪৬ মিলিয়ন টাকা। ডেবিট কার্ডে বিদেশে ব্যয় হয়েছে ৪ হাজার ৪১২ মিলিয়ন টাকা, আগের মাসে যা ছিল ৪ হাজার ২২১ মিলিয়ন টাকা। প্রিপেইড কার্ডে ব্যয় হয়েছে ৫৮৮ মিলিয়ন টাকা, আগস্টে ছিল ৬০১ মিলিয়ন টাকা।
তিন ধরনের কার্ড মিলিয়ে সেপ্টেম্বরে দেশের বাইরে মোট ব্যয় দাঁড়িয়েছে ১০ হাজার ৪০২ মিলিয়ন টাকা। আগস্টের ৯ হাজার ৮৬৭ মিলিয়ন টাকার তুলনায় এই ব্যয় বেড়েছে ৫ দশমিক ৪২ শতাংশ।
ক্রেডিট কার্ডে বিদেশে ব্যয়ের প্রধান খাত ডিপার্টমেন্ট স্টোর, যার অংশ ৩১ দশমিক ৫৪ শতাংশ। রিটেইল আউটলেট সার্ভিসেসে ব্যয় ১৮ দশমিক ১৩ শতাংশ এবং পরিবহন খাতে ১৩ দশমিক ৪৪ শতাংশ। ডেবিট কার্ডে বিদেশে ব্যয়ের ক্ষেত্রে ডিপার্টমেন্ট স্টোরের অংশ ২৩ দশমিক ৮৪ শতাংশ। নগদ অর্থ উত্তোলনে ১৪ দশমিক ৭৭ শতাংশ এবং ব্যবসায়িক সেবায় ১৩ দশমিক ৩০ শতাংশ ব্যয় হয়েছে।
প্রিপেইড কার্ডে বিদেশে ব্যয়ের সবচেয়ে বড় খাত সরকারি সেবা- ২২ দশমিক ৫২ শতাংশ। নগদ অর্থ উত্তোলনে ১৯ দশমিক ০১ শতাংশ এবং ডিপার্টমেন্ট স্টোরে ১৬ দশমিক ৬৮ শতাংশ ব্যয় হয়েছে।
দেশভিত্তিক হিসাবে বিদেশে কার্ড লেনদেনের সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র; মোট লেনদেনের ১৫ দশমিক ০৬ শতাংশ সেখানে হয়েছে। এরপর ভারত ১০ দশমিক ৩৫, যুক্তরাজ্য ৯ দশমিক ৬৫, চীন ৭, থাইল্যান্ড ৬ দশমিক ৪৯ এবং মালয়েশিয়া ৫ দশমিক ৯৭ শতাংশ।
বাংলাদেশে বিদেশীদের কার্ড ব্যয় কমেছে
অন্য দিকে বিদেশী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে সেপ্টেম্বরে লেনদেন হয়েছে ২ হাজার ২৯৫ মিলিয়ন টাকা। আগস্টে এর পরিমাণ ছিল ২ হাজার ৪৮৯ মিলিয়ন টাকা। অর্থাৎ এক মাসে কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ।
বিদেশী কার্ডধারীরা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যয় করেছেন ডিপার্টমেন্ট স্টোরে- ৩৫ দশমিক ২০ শতাংশ। নগদ অর্থ উত্তোলনে ব্যয় ২৩ দশমিক ৪০ শতাংশ, পরিবহনে ১৪ দশমিক ৫৬ শতাংশ এবং পোশাকের দোকানে ৭ দশমিক ৭২ শতাংশ।
দেশভিত্তিক হিসাবে বাংলাদেশে বিদেশি কার্ড ব্যবহারে শীর্ষে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। মোট লেনদেনের ১৯ দশমিক ৯৬ শতাংশ তাদের কার্ডের মাধ্যমে হয়েছে। এরপর যুক্তরাজ্য ৯ দশমিক ৪২, ভারত ৮ দশমিক ৮৬ এবং সিঙ্গাপুর ৫ দশমিক ৩৬ শতাংশ।
নগদনির্ভরতা কমাতে বড় চ্যালেঞ্জ
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে কার্ড ব্যবহারের প্রবৃদ্ধিকে আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশের ইতিবাচক দিক হিসেবে দেখা হয়েছে। কার্ডভিত্তিক লেনদেন বাড়লে নগদ অর্থ বহনের প্রয়োজন কমে, লেনদেনের দক্ষতা বাড়ে এবং আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতা সম্প্রসারিত হয়।
তবে নগদনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে কয়েকটি বড় বাধার কথাও উল্লেখ করা হয়েছে। গ্রামাঞ্চলে সীমিত ডিজিটাল অবকাঠামো, আর্থিক বিষয়ে মানুষের অজ্ঞতা, সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি আস্থার অভাব, লেনদেনের উচ্চ খরচ এবং স্মার্টফোনের সীমিত প্রাপ্যতা- এসব কারণে কার্ড ও ডিজিটাল পেমেন্টের বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।
এ ছাড়া কার্ডের সংখ্যা বাড়লেই যে সমপরিমাণ সক্রিয় ব্যবহারকারী বেড়েছে, তা নিশ্চিত নয়। প্রতিবেদনে সক্রিয় ও নিষ্ক্রিয় কার্ডের পৃথক হিসাবও দেয়া হয়নি। ফলে কার্ডের সংখ্যা বৃদ্ধিকে সরাসরি আর্থিক অন্তর্ভুক্তির পূর্ণাঙ্গ পরিমাপ হিসেবে দেখার সুযোগ সীমিত।
সব মিলিয়ে, বাংলাদেশে কার্ডভিত্তিক লেনদেনের বিস্তার ডিজিটাল অর্থনীতির অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এ প্রবৃদ্ধিকে টেকসই করতে হলে শুধু কার্ডের সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়। লেনদেনের নিরাপত্তা, গ্রাহকের আস্থা, কম খরচে পেমেন্ট ব্যবস্থা, গ্রামাঞ্চলে ডিজিটাল অবকাঠামো এবং সক্রিয় ব্যবহারকারীর তথ্য প্রকাশ নিশ্চিত করা জরুরি। একই সাথে দেশের বাইরে কার্ডে ব্যয়ের খাত ও উদ্দেশ্য সম্পর্কে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে বৈদেশিক লেনদেনের প্রবণতা ও অর্থনীতিতে তার প্রভাব বুঝতে নীতিনির্ধারকদের সুবিধা হবে।