
হাবিবুল বাশার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে অবশেষে প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে শ্রমিকপক্ষ। এ নিয়ে সোমবারও মজুরি বোর্ডের সভা চলার মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। একই দিন আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আশুলিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সব মিলিয়ে আশুলিয়ার ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সোমবার দুপুর পৌনে ১২টায় শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভা শুরু হয়। সভায় মালিকপক্ষ পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি প্রস্তাব তুলে ধরে। বিকেল পৌনে ৫টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষ প্রস্তাব দিয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ই প্রস্তাব পর্যালোচনা করবে। প্রয়োজনে সংশোধিত প্রস্তাব দেয়া হতে পারে। আজকের সভা অব্যাহত থাকবে এবং প্রয়োজনে মঙ্গলবারও চলতে পারে।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মালিকপক্ষের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। মালিকপক্ষ সেদিন প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেয়া হয়। ১৬ নভেম্বরের সভায় প্রস্তাব দেয়ার কথা থাকলেও সভাটি স্থগিত হয়ে যায়। এর জেরে শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
শ্রমিক অসন্তোষের জন্য সরকারকে দায়ী করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ নয়া দিগন্তকে বলেন, শ্রমমন্ত্রী অক্টোবরের মধ্যে ওয়েজ বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় শ্রমিকরা নভেম্বরে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। শ্রমিক অসন্তোষের প্রাথমিক দায় শ্রম মন্ত্রণালয় ও সরকারের।
তিনি বলেন, বিভিন্ন স্থানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের প্রতিহত করতে মাঠে নামায় সঙ্ঘাত-সংঘর্ষের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের মজুরি সমন্বয়ের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও সময়মতো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
অন্য দিকে জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্যসচিব ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি নয়া দিগন্তকে বলেন, গার্মেন্ট খাতের দায়িত্বশীল ও প্রাতিষ্ঠানিক শ্রমিকনেতারা কেউ ভাঙচুর, হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করছেন না। তাদের সাথে একাধিকবার বৈঠক হয়েছে। তারা ন্যায্য মজুরি বৃদ্ধির দাবিতে আইন ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে চান। তবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য কোনোভাবেই গণতান্ত্রিক আন্দোলনের অংশ হতে পারে না।
তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে যারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের চিহ্নিত করা সাংবাদিকসহ রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য। শ্রমিকের ছদ্মাবরণে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তারা সুস্থ ধারার শ্রমিক আন্দোলন, দেশের শিল্প, অর্থনীতি এবং সর্বোপরি শ্রমিকদের স্বার্থের শত্রু।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সাভারের আশুলিয়ায় নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সোমবারও বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।
প্রত্যক্ষদর্শী সেলিমের অভিযোগ, নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকরা সড়কে নেমে আসেন। পরে তারা আশপাশের চালু কারখানায় হামলার চেষ্টা করেন। যেসব শ্রমিক দেরিতে কারখানা থেকে বের হচ্ছিলেন, তাদের মারধর করা হয়। এমনকি রিকশা থেকে নামিয়েও কয়েকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, আশপাশের কারখানার শ্রমিকেরা কর্মবিরতি না দিয়ে কাজ চালিয়ে যাওয়ায় তাদের ওপর ক্ষুব্ধ হয়ে হামলা চালানো হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিউ এইজ কারখানার আন্দোলনরত এক নারী শ্রমিক। মুঠোফোনে তিনি দাবি করেন, শ্রমিকেরা কোনো কারখানা বা অন্য শ্রমিকের ওপর হামলা করেননি। বরং কারখানা থেকে বের হওয়ার পরপরই পুলিশ তাদের ওপর হামলা চালায়। তার অভিযোগ, নিম্নতম মজুরি ঘোষণা নিয়ে সরকার ও মালিকপক্ষ গড়িমসি করছে। এ বিষয়ে নির্ধারিত বৈঠকও একজনের কারণে স্থগিত করা হয়েছে। দ্রুত নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান তিনি।
এদিকে শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় সোমবার আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাগুলোর মধ্যে রয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বানদো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি ও কমপ্লিট কম্পোজিট।
শিল্পাঞ্চল পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দিনের শুরুতেই শ্রমিকদের কর্মবিরতির মুখে ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকরা ভেতরে কাজে যোগ না দিয়ে বসে ছিলেন। চলমান অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি আরো দু’টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দিন রোববারও শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের পাশের অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে সোমবার আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার আনসার রোড, গিলারচালা (আসপাডা) ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় কয়েক দফায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় শ্রীপুর পৌরসভা এলাকার ১২টি পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববারের ঘটনায় গিলারচালা এলাকার ভিনটেজ ডেনিম লিমিটেডের এক নারী শ্রমিকের পায়ে গুরুতর আঘাত লাগে। ওই শ্রমিক কিভাবে আহত হয়েছেন, তা জানতে চেয়ে সোমবার সকালে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। সকাল সাড়ে ১০টার দিকে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাইরে বেরিয়ে মহাসড়কে জড়ো হন।
এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের কারখানাগুলোতেও শ্রমিক অসন্তোষ দেখা দেয়। প্রথমে পাশের মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে একে একে ইউনিলেন্স, সাসটেইনেবল ওয়াশিং প্লান্ট, মেঘনা ডেনিম, আমান টেক্সটাইল মিলস, রাতুল অ্যাপারেলস, ফখরুদ্দিন গার্মেন্টস, হ্যামস গার্মেন্টস, ঢাকা ফ্যাশন, ভিক্টর ইন্টিমেটস ও ক্রিস্টাল গার্মেন্টসে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট কারখানার বাইরে শ্রমিকরা হামলা চালালে সেখানেও ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে শ্রীপুর পৌরসভা এলাকায় ১২টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য পাওয়া গেছে।
পুলিশ ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও অনেকেই উৎপাদনে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কয়েক শ’ শ্রমিক লাঠিসোঁটা হাতে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়ক থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় দায়িত্বে থাকা আনসার, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। শ্রমিকদের একটি অংশ আশপাশের গলিতে অবস্থান নিয়ে আবারো ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মহাসড়কের উভয় পাশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এদিকে পূর্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১২টি কারখানাও সোমবার খুলে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও ছুটি ঘোষণার কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।
অন্যদিকে জয়দেবপুরের বাংলাবাজার এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ট্রান্স ওয়ার্ল্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকরাও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। স্ট্যান্ডার্ড গ্রুপের এ কারখানার শ্রমিকেরা ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। এ সময় মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে অন্য কারখানার শ্রমিকদের মধ্যেও অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে বৈঠক স্থগিতের খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও মোতায়েন বাড়ানো হয়েছে। বর্তমানে ১৭ প্লাটুন আনসার, ১২ প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন। আনসারের গাজীপুরের উপপরিচালক মো: আশিকুজ্জামান জানান, পরিস্থিতি বিবেচনায় আনসার সদস্যের সংখ্যা ১৩ প্লাটুন থেকে বাড়িয়ে ১৭ প্লাটুন করা হয়েছে।
শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো: আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা বলেন, শ্রমিকদের নিরাপদে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আশিক সাঈদ জানান, গুজব ও উসকানির মাধ্যমে পরিস্থিতির অবনতি ঠেকাতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন, উৎপাদন স্বাভাবিক
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলার ফতুল্লায় রোববার দিবাগত রাতে দু’টি স্থানে পার্ক করে রাখা একটি বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন দেয়া হয়েছে। মালিকপক্ষের দাবি, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেয়া হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় পার্ক করে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। বাসটির মালিক রাসেল জানান, বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। রাতে কর্মীরা বাসটি রেখে বাড়ি যাওয়ার পর আগুনের ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এর কয়েক ঘণ্টা পর সোমবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেয়া হয়। ট্রাকচালক মামুন জানান, চট্টগ্রাম থেকে পোশাক কারখানার ঝুট নিয়ে নারায়ণগঞ্জে এসে লিংক রোডের পাশে ট্রাকটি পার্ক করে তিনি ঘুমিয়ে পড়েন। পরে আগুন দেখতে পান। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যান।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সাইনবোর্ড এলাকায় বাসের আগুন নিয়ন্ত্রণে দু’টি ইউনিট প্রায় ২০ মিনিট কাজ করে। অন্য দিকে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে সাইনবোর্ড এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতাধীন হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসব ঘটনার মধ্যেও নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁও, রূপগঞ্জ ও বন্দর এলাকার পোশাক কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক ছিল। শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলার এক হাজার ৬৮০টি পোশাক কারখানায় প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









