রাজকন্যার বিশেষ আগ্রহে পর্তুগিজ রাজপরিবারের নামে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা
ads

আবদুল কাদের তাপাদার সিলেট 
বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা। ‘লন্ডন টি এক্সচেঞ্জ’-এর সাথে যুক্ত হয়ে সিলেটের চা-কে বিশ্বপরিসর বিশেষ করে ইউরোপের বাজারে পরিচিত করতে চান পর্তুগালের রাজপরিবারের হাউজ অব ব্রাগাঞ্জার সদস্য ডাচেস অব কোইমব্রা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা। 
ঢাকা ও সিলেটে চলতি সপ্তাহে পৃথক অনুষ্ঠানে ‘লন্ডন টি এক্সচেঞ্জ’ কর্তৃক  আয়োজিত অনুষ্ঠানে সিলেটে উৎপাদিত চায়ের বিশেষ ব্র্যান্ড ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’-এর উদ্বোধন করেন তিনি।  
এ সময় পর্তুগিজ রাজকন্যা বলেন, আমরা ‘সিলেট টি’ ব্র্যান্ডটিকে আরো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কারণ এটি সত্যিই অসাধারণ এবং বাংলাদেশ সত্যিই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। অনুষ্ঠানে সিলেটের এই বিশেষ ব্লেন্ডের চা-কে পর্তুগিজ রাজপরিবার হাউজ অব ব্রাগাঞ্জার ঐতিহ্যের সাথে যুক্ত করে এর নামকরণ করা হয়। 
সিলেট সফরকালে তাকে রোববার রাতে একটি আন্তর্জাতিক হোটেলে ব্যবসায়ীরা বিপুল সংবর্ধনা দিয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতিতে চায়ের গুরুত্বের কথা তুলে ধরে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা নিজের পরিবারের ইতিহাসের কথাও বলেন। তিনি বলেন, আমার মনে হয় চা এমন একটি জিনিস, এটি বাংলাদেশের অনেক বড় একটি অংশ। যেহেতু আমার পূর্বপুরুষই এটি ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন, তাই এটি আমার কাছে খুবই অর্থবহ মনে হয়েছে। এই প্রকল্প এবং লন্ডন টি এক্সচেঞ্জের সাথে যুক্ত হতে পারা অত্যন্ত সম্মানের বিষয়। আর আমার পরিবারের নামে একটি চা থাকা খুবই বিশেষ ব্যাপার। 
বাংলাদেশের চায়ের ঐতিহ্য ও সম্ভাবনার প্রশংসা করে তিনি ইউরোপের বিভিন্ন দেশে সিলেটের চায়ের পরিচিতি বাড়াতে তার সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের চায়ের দরপতন, নিলাম দর ও অর্থায়নের সমস্যা নিয়েও আলোচনা হয়। 
লন্ডন টি এক্সচেঞ্জ ও গ্লোবাল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শেখ অলিউর রহমান বলেন, উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে চায়ের দাম বাড়ানো এবং বাগানগুলোর জন্য কম সুদে অর্থায়ন নিশ্চিত করা জরুরি। 
ভারত তাদের আসাম ও দার্জিলিং এবং শ্রীলঙ্কা তাদের সিলন চায়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী আঞ্চলিক ব্র্যান্ড তৈরি করেছে বর্ণনা করে আলিউর রহমান, বাংলাদেশেও সিলেটের চা-কে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 
এ লক্ষ্যেই লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের উন্নতমানের চা সংগ্রহ, মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডিং ও রফতানিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। 
তার দাবি, সিলেটে প্রতিষ্ঠানটির প্যাকেজিং ইউনিট, চা পরীক্ষা সুবিধা এবং ওয়্যারহাউজ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব অবকাঠামো বাংলাদেশের চায়ের মান নিয়ন্ত্রণ ও রফতানি কার্যক্রমকে আরো গতিশীল করতে সহায়তা করবে।