
শামসুল ইসলাম
বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কর্মরত দেশীয় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার সীমা বাড়ানো হয়েছে। দীর্ঘদিন পর মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধির যুক্তিতে এ সিদ্ধান্ত নেয়া হলেও এর ফলে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৭৪ কোটি টাকা ব্যয় হবে। ৮৪টি মিশনকে চার শ্রেণীতে ভাগ করে এক ও দুই সন্তানের জন্য পৃথক ভাতা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা ভাতার অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পরিশোধের বিধান রাখা হয়েছে। তবে নতুন কাঠামোর আর্থিক দায়, সুবিধাভোগীর সংখ্যা, মিশনভিত্তিক ব্যয়ের বাস্তবতা এবং শ্রেণিবিন্যাসের ভিত্তি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠেছে।
অর্থ বিভাগের ১৯ নভেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে নতুন সীমা নির্ধারণ করা হয়। এর আগে ১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে ভাতা পুনর্নির্ধারণের পটভূমি, কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের বিস্তারিত তুলে ধরা হয়। সভাটি অনুষ্ঠিত হয় অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১-এর সম্মেলনকক্ষে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব। এর আগে ২ এপ্রিল একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভা হয় ২০ এপ্রিল ও ২২ জুন। ২২ জুন একটি কারিগরি সাব-কমিটিও গঠন করা হয়েছিল।
১৪ বছর পর পুনর্নির্ধারণ
কার্যবিবরণী অনুযায়ী, ২০০৭ সালের ৮ এপ্রিল বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে তিন শ্রেণীতে ভাগ করে শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ১৫ হাজার, ১২ হাজার ও ৭ হাজার ৮০০ ডলার। ২০১২ সালের ১ মার্চ তা পুনর্নির্ধারণ করে প্রকৃত শিক্ষা ব্যয় এবং দুই সন্তানের জন্য বার্ষিক সর্বোচ্চ ২০ হাজার ডলারের সীমা নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উচ্চ ব্যয়সম্পন্ন ৯টি মিশনের ক্ষেত্রে ভাতা বাড়িয়ে ২৫ হাজার থেকে ৩৭ হাজার ৫০০ ডলার পর্যন্ত করা হয়।
অর্থাৎ অধিকাংশ মিশনের ক্ষেত্রে সর্বশেষ বড় ধরনের পুনর্নির্ধারণের পর প্রায় ১৪ বছর পার হয়েছে। এ সময়ে আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বেড়েছে- এ যুক্তি তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। কমিটি বিভিন্ন মানের শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফির তথ্য পর্যালোচনা করে। তবে কার্যবিবরণীতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে র্যাংকিংয়ের প্রথম দিকের শিক্ষাপ্রতিষ্ঠানকে বিবেচনায় নেয়া হয়েছে। এতে কিছু মিশনের প্রস্তাবিত ভাতা তুলনামূলক বেশি মনে হয়েছে এবং তা যৌক্তিকীকরণের প্রয়োজন দেখা দেয়।
মিশনভিত্তিক চার শ্রেণী
কমিটির সুপারিশে ৮৪টি মিশনকে চার শ্রেণীতে ভাগ করা হয়। চূড়ান্ত প্রজ্ঞাপনেও চার শ্রেণীর কাঠামো বহাল রাখা হয়েছে। প্রথম শ্রেণীর ১৫টি মিশনের ক্ষেত্রে স্কুল পর্যায়ে এক সন্তানের জন্য বছরে ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার।
দ্বিতীয় শ্রেণীর ৪১টি মিশনে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। তৃতীয় শ্রেণীর ১৯টি মিশনে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার। চতুর্থ শ্রেণীর ৯টি মিশনে স্কুল পর্যায়ে এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ ও দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার ও দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
প্রথম শ্রেণীতে বেইজিং, সিউল, টোকিও, হংকং, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, দ্য হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর মতো মিশন রয়েছে। দ্বিতীয় শ্রেণীতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন মিশন অন্তর্ভুক্ত। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতেও এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশন রয়েছে।
এক সন্তানের ভাতা কম, দুই সন্তানে বেশি
কমিটির অন্যতম যুক্তি ছিল, আগে এক সন্তান ও দুই সন্তানের জন্য একই ভাতার সীমা থাকায় তা বৈষম্যমূলক এবং বাজেটের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করছিল। দুই সন্তানের অভিভাবক যে পরিমাণ টিউশন ফি ব্যয় করেন, এক সন্তানের অভিভাবকের জন্য একই সীমা প্রযোজ্য হওয়া যৌক্তিক নয়। তাই আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে।
তবে কমিটি আরেকটি বাস্তব সমস্যাও বিবেচনা করেছে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর প্রথম সন্তান পড়াশোনা শেষ করেছে, অথবা বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় তার শিক্ষার জন্য ভাতা প্রয়োজন নেই- এমন ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের জন্য ভাতা পাওয়ার সুযোগ কিভাবে নিশ্চিত হবে, তা নিয়ে জটিলতা ছিল। নির্দিষ্ট সময়ে ভাতা সর্বোচ্চ দুই নির্ভরশীল সন্তানের জন্য প্রযোজ্য হবে- এমন শর্ত দিয়ে সমস্যাটি সমাধানের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া যেসব দেশে ইংরেজি মাধ্যমে মাধ্যমিক বা উচ্চশিক্ষার সুযোগ সীমিত, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের অন্য কোনো ইংরেজিভাষী দেশে পড়াতে চাইলে নিজ কর্মস্থলের মিশনের জন্য নির্ধারিত ভাতা প্রযোজ্য হবে। এমনকি বাংলাদেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানকে পড়ালেও একই সুবিধা নেয়ার সুযোগ রাখার সুপারিশ করা হয়েছে।
সরাসরি প্রতিষ্ঠানের হিসাবে অর্থ, তবু জবাবদিহি জরুরি
ভাতা ব্যবস্থাপনায় কয়েকটি নিয়ন্ত্রণমূলক শর্ত রাখা হয়েছে। প্রকৃত শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। ভাতার অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করতে হবে; সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর হাতে দেয়া যাবে না। প্রতিষ্ঠান এককালীন পুরো অর্থ দাবি করলে ব্যক্তিগত অংশ জমার প্রমাণের ভিত্তিতে মিশন বাকি অর্থ পরিশোধ করতে পারবে।
কমিটির হিসাবে, দুই সন্তানের জন্য প্রস্তাবিত ভাতা কার্যকর হলে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৭৪ কোটি টাকা ব্যয় হবে। এ হিসাবই নতুন সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক দিক। কিন্তু কতজন কর্মকর্তা-কর্মচারী এ সুবিধা পাবেন, কোন মিশনে কতজন শিক্ষার্থী রয়েছে এবং শ্রেণিভেদে মোট ব্যয়ের কত অংশ পড়বে- এসব তথ্য প্রকাশ না হলে ব্যয়ের যৌক্তিকতা ও বণ্টনের ন্যায্যতা মূল্যায়ন কঠিন হবে। আরেকটি প্রশ্ন হলো, ব্যয়বহুল আন্তর্জাতিক স্কুলের টিউশন ফিকে ভিত্তি করে ভাতা নির্ধারণের ক্ষেত্রে সরকারি বা তুলনামূলক কম ব্যয়ের মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ কতটা বিবেচনায় নেয়া হয়েছে। কার্যবিবরণীতে ইংরেজিভাষী দেশগুলোর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পড়ানোর বিষয়টি উৎসাহিত করার পর্যবেক্ষণ রয়েছে। কিন্তু সেটি বাধ্যতামূলক করা হয়নি। ফলে ব্যয় নিয়ন্ত্রণের এই সম্ভাবনা নীতিতে কতটা কার্যকর হবে, তা অনিশ্চিত।
ন্যায্যতা ও ব্যয় নিয়ন্ত্রণের পরীক্ষা
নতুন কাঠামোর ইতিবাচক দিক হলো, এক ও দুই সন্তানের জন্য পৃথক সীমা, কর্মস্থলভিত্তিক ব্যয় বিবেচনা, ব্যক্তিগত ১৫ শতাংশ অংশগ্রহণ এবং সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ পরিশোধের বিধান। কিন্তু ৭৪ কোটি টাকার অতিরিক্ত বার্ষিক ব্যয়ের বিপরীতে নিয়মিত নিরীক্ষা, শিক্ষার্থীর প্রকৃত ভর্তি ও উপস্থিতি যাচাই, টিউশন ফির পরিবর্তন পর্যবেক্ষণ এবং মিশনভিত্তিক ব্যয়ের তথ্য প্রকাশ নিশ্চিত করা জরুরি।
বিশেষ করে, চার শ্রেণীতে মিশন ভাগ করার ক্ষেত্রে কোন মানদণ্ডে জীবনযাত্রার ব্যয়, শিক্ষার সুযোগ ও টিউশন ফি মূল্যায়ন করা হয়েছে, তা প্রকাশ করা প্রয়োজন। একই দেশের বিভিন্ন শহরে ব্যয়ের পার্থক্য থাকতে পারে- কমিটি এ যুক্তিতে দেশভিত্তিক নয়, মিশনভিত্তিক শ্রেণিবিন্যাসকে যৌক্তিক বলেছে। কিন্তু সেই পার্থক্য নির্ধারণের তথ্য ও পদ্ধতি জনসমক্ষে না থাকলে সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
সংশ্লিষ্টদের বক্তব্য, রাষ্ট্রের দায়িত্ব বিদেশে কর্মরত কর্মকর্তাদের সন্তানদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা। একইসাথে সরকারি অর্থের ব্যবহারও হতে হবে পরিমিত, ন্যায্য ও জবাবদিহিমূলক। নতুন শিক্ষা ভাতা কাঠামোর গ্রহণযোগ্যতা শেষ পর্যন্ত নির্ভর করবে এই দুই দায়িত্বের মধ্যে ভারসাম্য কতটা বজায় রাখা যায়, তার ওপর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









