
নয়া দিগন্ত ডেস্ক
আজকালকার দিনে ছোটদের টিভি বা ফোন থেকে চোখ সরিয়ে বইয়ের পাতায় মন দিতে বললেই, তাদের অনেকেরই যেন গায়ে জ্বর চলে আসে! ফলত, সন্তানদের পড়াশোনা করাতে গিয়ে নাভিশ্বাস ওঠে অনেক বাবা-মায়ের। এ সমস্যায় ভোগেন, এমন বাবা-মা শুধু এ দেশেই নন, রয়েছেন বিদেশের মাটিতেও। সম্প্রতি তেমনই একটি ঘটনা উঠে এসেছে সংবাদ শিরোনামে। ঘটনাটি চীনের।
সংবাদ প্রতিবেদন অনুসারে, দক্ষিণ চীনের শেনঝেনের বাসিন্দা এক ব্যক্তি সমস্যায় পড়েছিলেন ছেলের পড়াশোনা নিয়ে। তিনি পেশায় ট্যাক্সিচালক। তার ছেলে জুনিয়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। পড়াশোনায় মোটে মন টেকে না তার। সারা দিন টিভির পর্দাতেই চোখ আটকে থাকে। কোনো মতেই ছেলেকে বাগে আনতে পারছিলেন না ওই ব্যক্তি।
সেই ছেলেকে জব্দ করতেই শেষমেশ এক অভিনব উপায় আবিষ্কার করেছেন তিনি। সাহায্য নিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার। জানা গেছে, ওই বাড়ির টিভি চলার সিস্টেমটি এমনভাবে পরিবর্তন করা হয়েছে, যাতে প্রতি ১০ মিনিট অন্তর স্কুলের প্রশ্নের উত্তর দিতে বাধ্য হয় ওই কিশোর।
এর ফলে, যখনই টিভিতে কোনো কিছু দেখে ওই ছাত্র, তা একটানা দেখার উপায় থাকে না। প্রতি ১০ মিনিটে টিভির পর্দায় একটি প্রশ্ন ভেসে ওঠে। প্রশ্নগুলো এমনভাবেই বানানো, যা স্কুলের পড়াশোনার অগ্রগতির সাথে যুক্ত। এর মধ্যে রয়েছে গণিত এবং ইংরেজির মতো বিষয়। যদি ভুল উত্তর দেয়া হয়, তা হলে পর্দায় আসবে আরো একটি প্রশ্ন। সেটির সঠিক উত্তর দেয়ার পরেই টিভিতে নিজের পছন্দের অনুষ্ঠান ফের দেখা যাবে। মজার ব্যাপার হলো, বিষয়টি বেশ উপভোগ করছে ওই ছাত্র। আগামী দিনে প্রশ্নগুলো আরো কঠিন করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ওই ট্যাক্সিচালক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









