
নয়া দিগন্ত ডেস্ক
নলকূপ চাপতেই পানির বদলে গলগল করে বেরোল মদ। বেআইনি উপায়ে মদ পাচারের অভিনব কৌশল হাতেনাতে ধরল পুলিশ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসীর।
সংবাদ প্রতিবেদন অনুসারে, একটি ভূগর্ভস্থ মদের ট্যাংকি আড়াল করছিল ওই নলকূপটি। পুলিশ সূত্রে খবর, ৩০ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে। এ ছাড়া প্রায় এক হাজার লিটার মদ তৈরির কাঁচামাল নষ্ট করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন এক তরুণী। জানা গেছে, ঝাঁসীর সকরার অঞ্চলে অভিযান চালিয়ে এই পাচার চক্রের সন্ধান পাওয়া গেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি ছোট্ট নীল রঙের নলকূপ। সেটিতে চাপ দিলেই পানির বদলে মদ বার হচ্ছে, এমনটাই দাবি করা হয়েছে ভিডিওটির ক্যাপশনে। কমলা রঙের একটি বড় গামলা পেতে রাখা হয়েছে কলটির নিচে। তার পাশে ভিড় জমিয়েছেন জনা কয়েক পুলিশকর্মী। নলকূপে চাপ দিয়ে মদ বার করার কাজটি করছেন তাদেরই মধ্যে একজন। সেই গামলা থেকে বালতি ভর্তি করে তোলা হচ্ছে মদ। ঢালা হচ্ছে পাশে রাখা একটি বড় পাত্রে। ‘দ্য ইন্ডিয়ান ইডিয়ট’ নামের একটি এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে ঘটনাটির ভিডিও ভাগ করে নেয়া হয়েছে।
ভিডিওটি দেখে একেবারে হতভম্ব হয়ে গেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অভিযুক্ত তরুণীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে নেটপাড়া। এই মদ পান করে বহু মানুষ অসুস্থ হতে পারতেন- এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









