
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আটটি বিদেশী বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গত ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)-এর অর্ধবার্ষিক সভায় এসব সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারক সই হওয়া প্রতিষ্ঠানগুলো হলো যুক্তরাষ্ট্রের নেক্সটজেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডা, তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি, মেক্সিকোর লা সাল ইউনিভার্সিটি, সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি, ফিলিপাইনের প্যান প্যাসিফিক ইউনিভার্সিটি, ভারতের আসাম ডাউন টাউন ইউনিভার্সিটি ও ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি এবং তুরস্কের ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়ন।
এ ছাড়া জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, কাজাখস্তান ও মেক্সিকোর ছয়টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক সইয়ের বিষয়েও প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে আইআইইউসি প্রতিনিধিদল। সম্মেলনে আরো কয়েকটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন তারা। এসব আলোচনায় পারস্পরিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এসব সমঝোতা স্মারকের আওতায় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন যৌথ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে আইআইইউসির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ আরো বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সেন্টার ফর রিসার্চ অ্যাট পাবলিকেশনের পরিচালক প্রফেসর ড. মো: তৌহিদুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









