রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
ads

 ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা 
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সাথে সমন্বিত পরিচালন ব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ওই বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় দুই কোটি টাকা। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জাহেদুল হাসান জানান, প্রথম গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সাথে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবারো গ্রিড সংযোগ দেয়া হয়েছে।
তিনি বলেন, দ্বিতীয় দফায়ও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। উৎপাদনের ওঠানামার সাথে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এনপিসিবিএলের প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টার প্রশংসা করে ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, আগামী গ্রীষ্মের আগেই, অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে সরবরাহের সর্বাত্মক চেষ্টা চলছে। এ পর্যায়ে প্রায় এক হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা তার।