
অর্থনৈতিক প্রতিবেদক
ফের আগের আচরণে ফিরল পুঁজিবাজার। রোববার ঢাকা শেয়ারবাজারে সূচক ও লেনদেনের বড় উন্নতি ঘটলেও তা টিকলো না। গতকাল সোমবার ফের অবনতি ঘটেছে বাজারটির তিনটি সূচকের মধ্যে দু’টির। একটি সূচক নামমাত্র উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। ফলে মিশ্র আচরণের শিকার হয় পুঁজিবাজারটি। এ ছাড়া লেনদেনেও ঘটেছে বড় অবনতি। এক দিনের ব্যবধানে ৩০০ কোটি টাকা লেনদেন কমেছে বাজারটির। আগের দিনের এক হাজার ২২০ কোটি টাকার স্থলে গতকাল বাজারটি লেনদেন নিষ্পত্তি করে ৯২০ কোটি টাকা।
রোববার সূচক ও লেনদেনের বড় উন্নতির পর গতকাল বাজার আচরণ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস ছিল। বিনিয়োগকারীদের একটি অংশের ধারণা ছিল এবার ভালো অবস্থায় ফিরতে চলেছে পুঁজিবাজার; কিন্তু সবাইকে হতাশ করে সকালে লেনদেন শুরুর ১৫ মিনিটের মাথায় বিক্রয়চাপের মুখে পড়ে পুঁজিবাজারগুলো। বাজার আচরণের এ পরিবর্তনে বিনিয়োগকারীরা হাত গুটিয়ে নিলে লেনদেনের গতিতে ভাটা পড়ে। দিনের বাকি সময় বেশ ক’বার সূচকের উন্নতির লক্ষণ দেখা গেলেও শেষ রক্ষা হয়নি। সূচকের মিশ্র আচরণেই লেনদেন শেষ করে দুই পুঁজিবাজার।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৮ দশমিক ৪১ পয়েন্ট অবনতির শিকার হয়। ৫ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্ট থেকে সকালে লেনদেন শুরু করা সূচকটি গতকাল লেনদেনশেষে নেমে আসে ৫ হাজার ৫৫৭ দশমিক ১৮ পয়েন্টে। এ সময় বাজারটির দুই বিশেষায়িত সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচকটির ২ দশমিক ০৪ পয়েন্ট অবনতি ঘটে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮৪ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়।
অন্য দিকে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিত্র ছিল কিছুটা ভিন্ন। এখানে সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ৮১ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। ১৪ হাজার ৮৮৪ দশমিক ২৭ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি বিকেলে লেনদেন শেষে স্থির হয় ১৪ হাজার ৯০৫ দশমিক ০৮ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচকের মধ্যে সিএসই-৩০ সূচকটির ২২ দশমিক ৭৩ পয়েন্ট অবনতি ঘটলেও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে ৩ দশমিক ৩১ পয়েন্ট।
দিনভর বারবার বিক্রয়চাপের মুখে পড়া ও দিনশেষে সূচকের এ মিশ্র আচরণের প্রতিফলন ঘটে গতকাল ডিএসই’র লেনদেনে। দেশের প্রধান এ পুঁজিবাজারটি গতকাল ৯২০ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিনের চেয়ে ৩০০ কোটি টাকা কম। রোববার ডিএসই’র লেনদেন ছিল এক হাজার ২২০ কোটি টাকা। তবে একই সময় লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে চট্টগ্রাম শেয়ারবাজারে। গতকাল সিএসই ২৮ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা আট কোটি টাকা বেশি। রোববার সিএসই’র লেনদেন ছিল ২০ কোটি টাকা।
এ দিকে মূলধনে সরকারের ছয় হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে ব্যাংকটি এই ব্যাখ্যা দিয়েছে। গত ১৭ নভেম্বর সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় ডিএসই। রোববার এক্সচেঞ্জে জমা দেয়া জবাবে শরিয়াহভিত্তিক ব্যাংকটি জানায়, ব্যাংকে সরকারের শেয়ার নেয়ার কোনো অভিপ্রায় সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে ভবিষ্যতে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয়।
সাম্প্রতিক সময়ে ব্যাংকটির শেয়ারদরে বড় ধরনের উন্নতির কারণ জানতে চেয়ে ডিএসই’র চিঠির পরপরই এই ব্যাখ্যা এলো। তথ্যমতে, নভেম্বরের শুরুতে ব্যাংকটি তৃতীয় প্রন্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ওই প্রান্তিকেই কোম্পানির লোকসান দেখায় ১২ দশমিক ২৪ টাকা। এর পরই ব্যাংকের শেয়ারদর ২০ টাকার নিচে নেমে যায়। কিন্তু এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় সরকার ইসলামী ব্যাংকের ছয় হাজার কোটি টাকা বিনিয়োগের বিপরীতে ৬০০ কোটি শেয়ার ইস্যু করার চিন্তা করছে। এর ফলে গত ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারদর ২৮ টাকা ২০ পয়সায় ওঠে।
প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া মূলধন পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় ইসলামী ব্যাংক প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে ব্যাংকটিতে সরকারের ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা তৈরি হবে এবং এর পরিশোধিত মূলধন এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে সাত হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়াবে।
গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল টেক্সটাইল খাতের মালেক স্পিনিং মিলস। ৩৪ কোটি ৩৬ লাখ টাকায় কোম্পানিটির ৫৭ লাখ ৩৫ হাজার শেয়ার হাতবদল হয় গতকাল। ২৯ কোটি ৫৬ লাখ টাকায় এক কোটি ২৭ লাখ দুই হাজার শেয়ার বেচাকেনা করে দিনের দ্বিতীয় কোম্পানি ছিল বেক্সিমকো লিমিটেড। ডিএসই’র লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে বারাকাহ পতেঙ্গা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, রানার অটোমোবাইলস, ফারইস্ট নিটিং, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইলস, শাইনপুকুর সিরামিকস ও সিটি ব্যাংক।
এ দিন মূল্যবৃদ্ধিতে ডিএসই’র শীর্ষে উঠে আসে টেক্সটাইল খাতের সোনারগাঁও টেক্সটাইলস। গতকাল কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। ৮ দশমিক ৪২ শতাংশ দাম বেড়ে এ তালিকায় দ্বিতীয় কোম্পানি ছিল একই খাতের হা-ওয়েল টেক্সটাইলস। মূল্যবৃদ্ধিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, লাভেলো আইসক্রিম, সিলভা ফার্মা, ইনডেক্স অ্যাগ্রো, ন্যাশনাল ফিড মিলস, ভিএফএস থ্রেডস ও ফারইস্ট নিটিং।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









