
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পুরানা পল্টনের ৮৭ নম্বর ‘পল্টন টাওয়ার’-এ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ডাদেশ দেয়া হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও অভিযানের সময় প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এ ছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করেও বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ নানাভাবে প্রতারণা করে আসছিলেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দের পর প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী প্রেরণের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে, তবে তাদের প্রতি মন্ত্রণালয়ের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। নিরীহ মানুষদের সর্বস্বান্ত করে যারা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই করে নেবেন। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করে প্রতারিত হবেন না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









