
গাজীপুর মহানগর প্রতিনিধি
নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে গাজীপুর সিটি করপোরেশনের সাথে চুক্তিবদ্ধ হয়ে তিনটি মাতৃসদন ও সাতটি নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনিটি থ্রু পপুলেশন সার্ভিস (ইউটিপিএস)। তবে কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ স্বাস্থ্যকর্মীর ছয় মাসের বেতন ও দুই ঈদের বোনাস বকেয়া রেখেই গত জুনে চুক্তির মেয়াদ শেষে কার্যক্রম গুটিয়ে নিয়েছে সংস্থাটি। কর্মীদের অভিযোগ, ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রকল্পের অর্থ সরিয়ে নেয়া হয়েছে। বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ইউটিপিএসের সাথে সমঝোতা স্মারকের ভিত্তিতে কোনাবাড়ী, ধীরাশ্রমের রাবেয়া আনোয়ার ও টঙ্গীর মরকুন মাতৃসদন পরিচালিত হচ্ছিল। এসব মাতৃসদনের অধীনে রয়েছে সাতটি নগর স্বাস্থ্যকেন্দ্র। কোনাবাড়ী মাতৃসদনের অধীনে তিনটি এবং অপর দু’টি মাতৃসদনের অধীনে রয়েছে চারটি স্বাস্থ্যকেন্দ্র।
স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বর থেকে তারা কোনাবাড়ী মাতৃসদনের পিএইচ-০৩ প্রকল্পে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। সিটি করপোরেশনকে অবহিত করে এবং কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনায় কাজ করলেও ইউটিপিএস তাদের নিয়োগপত্র দেয়নি। ওই মাসের বেতন গত ১৭ মার্চ পরিশোধ করা হলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের বেতন ও দুই ঈদের বোনাস আটকে রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাত মাসে প্রকল্পের আয় ৪০ লাখ ৩৪ হাজার ১৭৩ টাকা। বিপরীতে ৩২ লাখ ৯১ হাজার ৭০৬ টাকার বিল-ভাউচার দেখানো হয়েছে। এ ছাড়া ঋণ গ্রহণ, ব্যাংকে অর্থ জমা ও ঋণ পরিশোধের হিসাব থাকলেও এসব অর্থের প্রকৃত ব্যয় নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা নেই বলে দাবি কর্মীদের।
তাদের অভিযোগ, প্রকল্প ব্যবস্থাপক ডা. সিলভিয়া আফরিন বিনতে করিম এবং প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বেলাল হোসেনের যোগসাজশে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ সরানো হয়েছে। বিষয়টি জানাজানি হলে কর্মীদের প্রতিবাদের মুখে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমত উল্লাহ সংশ্লিষ্ট বিল-ভাউচারে স্বাক্ষর দেয়া স্থগিত করেন বলে জানান তারা।
কর্মীদের ভাষ্য, চুক্তি অনুযায়ী বেতনের ৪০ শতাংশ ইউটিপিএস, ৩৫ শতাংশ সিটি করপোরেশন এবং বাকি ২৫ শতাংশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়ার কথা। কিন্তু সংস্থাটি নিজস্ব ৪০ শতাংশ অর্থ জমা না দেয়ায় বেতনের চেক ছাড় করা যাচ্ছে না বলে তাদের জানিয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
স্বাস্থ্যকর্মী সাহিনা আক্তার অভিযোগ করেন, এনজিও কর্তৃপক্ষ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। ছয় মাসের বেতন ও দুই ঈদের বোনাস মিলিয়ে ৪০ লাখ টাকার বেশি পাওনা থাকলেও তারা তা পাচ্ছেন না। প্রকল্পের অর্থ অন্যত্র সরিয়ে ব্যক্তিগত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগেও ব্যবহারের আশঙ্কা প্রকাশ করেন কর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্যকর্মীরা গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের কাছে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, চাকরির বৈধতা নিশ্চিত ও প্রকল্পের হিসাব প্রকাশের দাবি জানিয়ে লিখিত আবেদন করেন। এ দিন তারা ডা. সিলভিয়া আফরিন বিনতে করিমকে টঙ্গী থেকে সিটি করপোরেশনে নিয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে অবস্থান করেন বলে জানান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. সিলভিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমত উল্লাহও কথা বলতে চাননি।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম বলেন, ‘বিষয়টি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছি। মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









