পাকিস্তান সফরে গেলেন স্পিকার
পাকিস্তান সফরে গেলেন স্পিকার।
ads

 সংসদ প্রতিবেদক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরে গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গতকাল সোমবার দুপুরে তিনি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এদিন বেলা ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন স্পিকার। সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল দেশে ফেরার কথা। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান।