সুপার স্পেশালাইজড হাসপাতাল চালাতে ১৪১০ কোটি টাকা চেয়েছে বিএমইউ
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করেন ভিসি অধ্যাপক ড. এফ এস সিদ্দিকীসহ বিএমইউ প্রশাসন : নয়া দিগন্ত।
ads

নিজস্ব প্রতিবেদক

পূর্ণাঙ্গ বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করতে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের জন্য জরুরি বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এক হাজার ৪১০ কোটি সাত লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা ৩৩ পয়সা বরাদ্দ চেয়ে আবেদন জমা দেয়া হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের কাছে বরাদ্দের আবেদন হস্তান্তর করেন বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন এবং বিশেষ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে লিভার ও কিডনি প্রতিস্থাপন, আধুনিক হৃদরোগ ও স্ট্রোক চিকিৎসা, বিশেষায়িত জরুরি চিকিৎসা, বন্ধ্যাত্ব চিকিৎসা এবং নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায় নতুন সুযোগ সৃষ্টি হবে। হাসপাতালটিতে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউর পাশাপাশি শিশুদের জন্য পিআইসিইউ চালুর পরিকল্পনা রয়েছে। বরাদ্দের আবেদনে লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়াটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাসকুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি সেন্টার, রেডিওলজি ও ইমেজিং সেন্টার, বিশেষায়িত জরুরি চিকিৎসা এবং বন্ধ্যাত্ব ও বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসা সেন্টার চালুর জন্য প্রয়োজনীয় ব্যয় তুলে ধরা হয়। এ ছাড়া সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ ও পিআইসিইউ, লাইফ সাপোর্ট ও ভেন্টিলেটর, আধুনিক অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম, হাসপাতালের বেড এবং বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জন, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য অর্থ চাওয়া হয়েছে।
হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিলার, মেডিক্যাল গ্যাস প্ল্যান্ট, সাবস্টেশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, হেপা ফিল্টার, ল্যাব, কেবিন ও ওয়ার্ড সংস্কার, রোগীদের ওয়েটিং রুম ও আউটডোর আধুনিকীকরণ, পার্কিং র‌্যাম্প, ইনডোর ও মরচুয়ারি, কনফারেন্স ও অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া ও বেইজমেন্ট সংস্কারের পরিকল্পনা রয়েছে। হাসপাতালের সম্মুখভাগে ল্যান্ডস্কেপিং ও চার পাশে সবুজায়নের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমিত পরিসরে নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে আসছিল। গত ১ অক্টোবর বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে প্রতিষ্ঠানটি। হাসপাতালের প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, কনসালট্যান্ট ও অন্যান্য জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে জাতীয় দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। বরাদ্দের আবেদন হস্তান্তরের সময় স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজুলুর রশীদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো: আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ও বিএমইউর ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এবং বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।