
হামিম উল কবির
ভবন নির্মাণে আগ্রহীরা সর্বশেষ ইমারত নির্মাণ বিধিমালাটাই (২০২৫) ভালো করে অবগত নন। এর মধ্যে আরেকটি বিধিমালার কাজ চলছে। বিধিমালার বিষয়ে না জানার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন ব্যক্তিগত ভবন নির্মাণকারীরা। সরকারি বিধিমালা সম্বন্ধে সবচেয়ে বেশি অবগত সংশ্লিষ্ট প্রকৌশলী ও স্থপতিরা। কিন্তু তারা ভবন মালিকদের এ বিষয়ে কিছু জানান না বলে হঠাৎ মোবাইল কোর্ট অভিযানে আসা ম্যাজিস্ট্রেটদের কাছে অসহায় হয়ে পড়তে হয়। অনেক নির্মাণকারী প্রয়োজনীয় নকশাটাও দেখাতে পারেন না। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর প্রজ্ঞাপন জারির পর ওই বিধিমালাটি সবার জন্য উন্মুক্ত হয়। কিন্তু এক বছর যেতে না যেতেই আরেকটি বিধিমালা নিয়ে কাজ করছে রাজউক।
২০২৫ সালের বিধিমালায় যেসব বৈসাদৃশ্য ছিল সেগুলো আগে মীমাংসা করার পর আরেকটি বিধিমালা প্রণয়ন করা উচিত বলে মনে করেন ভবন নির্মাণকারীরা। ঢাকা শহরের বিভিন্ন পর্যায়ের নির্মাণকারীদের সাথে এ বিষয়ে কথা বললে তারা মোটাদাগে নির্মাণকালের দুর্ঘটনার দায়, অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হলে ১০ গুণ জরিমানা, বেজমেন্টের ক্ষেত্রে কঠোরতা, উঁচু ভবনের অভ্যন্তরীণ আঙ্গিনার জন্য বড় জায়গা বরাদ্দ রাখার যে বিধান আছে সেগুলোর সমাধান আগে করার দাবি জানিয়েছেন। বিধি ১৭(১০) অনুযায়ী, নির্মাণকালে দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় ভবন মালিক, ডেভেলপার ও ঠিকাদারকে নির্মাণকালীন বাধ্যতামূলক দায়বীমা নিতে হবে। আবার শিল্প, বাণিজ্যিক ও অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ধরনের ভবনের ক্ষেত্রে ব্যবহার শুরু হওয়ার পর অন্তত ১০ বছর পর্যন্ত ভবন মালিককে দুর্ঘটনাসংক্রান্ত ঝুঁকি প্রশমনের জন্য বাধ্যতামূলক দায়বীমা নিতে হবে। এখানে আপত্তি রয়েছে অনেকের, এটা সংশোধনের দাবি জানিয়েছেন নির্মাণকারীরা।
অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করলে ১০ গুণ ফি জরিমানার বিধানটিও সংশোধনের দাবি তাদের। বিধি ১৬(৬) অনুযায়ী, নকশা সংশোধনের অনুমোদন পাওয়ার আগেই সংশোধিত অংশ নির্মাণ করা হলে এবং সেই পরিবর্তন বিধিমালার আওতায় অনুমোদনযোগ্য হলে, সংশোধিত নির্মাণ অনুমোদনের জন্য নির্ধারিত নির্মাণ অনুমোদন ফি’র ১০ গুণ দিতে হবে, এর সাথে ইমারত নির্মাণ বিধিমালা আইন ১৯৫২ অনুযায়ী জরিমানাও প্রযোজ্য হবে। বেজমেন্টের ওপরও কঠোর নিয়ন্ত্রণ, তবে কিছু ক্ষেত্রে মিশ্র ব্যবহারের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন নির্মাণকারীরা। বিধি ৪৩(২)(ছ) অনুযায়ী, যথাযথ যান্ত্রিক বায়ুপ্রবাহ এবং অন্যান্য কোড অনুসরণ করলে বেজমেন্টে নির্দিষ্ট ধরনের মিশ্র ব্যবহার অনুমোদিত হতে পারে। তবে আবাসিক ব্যবহার, গ্যাস সিলিন্ডার বা দাহ্য পদার্থের গুদামজাত ব্যবহার নিষিদ্ধ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বেজমেন্টের ব্যবহার অনুমোদনের জন্য ফায়ার সার্ভিস, বিদ্যুৎ এবং প্রযোজ্য অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদনের প্রমাণও দিতে হয়।
উঁচু ভবনের অভ্যন্তরীণ আঙ্গিনার জন্য বড় জায়গা বাধ্যতামূলক করা হয়েছে ২০২৫-এর ইমারত নির্মাণ বিধিমালায়। বিধি ৬১(৫) এবং সারণি ১২ অনুযায়ী, কোনো বসবাসযোগ্য কক্ষের আলো-বাতাসের প্রধান উৎস যদি অভ্যন্তরীণ আঙ্গিনা হয়, তাহলে ভবনের উচ্চতা ও তলার সংখ্যা অনুযায়ী আঙ্গিনা ন্যূনতম আয়তন ধরা হয়েছে, এখানেও আপত্তি আছে নির্মাণকারীদের।
তা সত্ত্বেও ঢাকা মহানগরে ইমারত নির্মাণের নতুন বিধিমালা ২০২৫ ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়া থেকে শুরু করে কাজের তদারকি, বসবাস উপযোগিতা সনদ এবং অননুমোদিত নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো সুনির্দিষ্ট করা হয়েছে। ২০২৫ বিধিমালায় ভবন নির্মাণের ক্ষেত্রে জমির আয়তন, রাস্তার প্রশস্ততা, এলাকার জনঘনত্ব, ভূমি আচ্ছাদন, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (ফার) বিবেচনায় নির্মাণযোগ্য ভবনের আয়তন ও অন্যান্য শর্ত নির্ধারণের বিধান রয়েছে। ভবনের ধরন ও ব্যবহার অনুযায়ী নির্মাণের শর্ত, পার্কিং এবং বিভিন্ন অবকাঠামোগত সুবিধার প্রয়োজনীয়তাও নির্ধারণ করা হয়েছে।
ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নিনিরাপদ সিঁড়ি, অগ্নি-প্রতিরোধক দরজা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত বিধান রয়েছে। ১৮ মিটারের বেশি উচ্চতার ভবনে লিফট স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ৩৩ মিটার বা ১০ তলার বেশি উচ্চতার ভবনে কমপক্ষে দু’টি লিফট রাখার বিধান রয়েছে, যার অন্তত একটি স্ট্রেচার লিফট হতে হবে। পরিবেশ সুরক্ষা ও টেকসই ভবন নির্মাণের ক্ষেত্রেও নতুন বিধিমালায় গুরুত্ব দেয়া হয়েছে। পাঁচ কাঠা বা তার বেশি জমিতে ভবন নির্মাণের ক্ষেত্রে পয়ঃবর্জ্য শোধনাগার (এসটিপি) স্থাপনের ব্যবস্থা রাখতে হবে। তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা নেটওয়ার্কের সাথে সংযুক্ত ভবনের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না। ২০০ বা তার বেশি আবাসন ইউনিটের ভবনে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট বড় ভবনে ব্যবহৃত পানি পুনঃব্যবহারের ব্যবস্থা রাখার বিধান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









