
জ্বালানির ভঙ্গুর সরবরাহ-ব্যবস্থা দেশের অর্থনীতি কাবু করে রেখেছে। বিশেষ করে গ্যাসের অভাবে কলকারখানা ও গৃহস্থালি কর্মে অসুবিধা তৈরি হয়েছে। এতে সরকার পড়েছে বড় বিপাকে। সাময়িক প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। গ্যাসের বৈশ্বিক সরবরাহ-ব্যবস্থায় ব্যাঘাত ঘটায় সবচেয়ে বিপন্ন দেশের একটি বাংলাদেশ। এ সঙ্কট অবস্থাকে একটি শ্রেণী ব্যবহার করছে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়ার সুযোগ হিসেবে। দেশী-বিদেশী মিলে একটি মধ্যস্বত্বভোগী ক্রয়প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছে। গ্যাস সংগ্রহে তাই প্রকৃত মূল্যের চেয়ে অনেক বেশি দাম গুনতে হচ্ছে দেশকে।
সহযোগী একটি দৈনিক খবর দিয়েছে, এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে ২২৫-২৫০ কোটি টাকা কমিশন হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এক কার্গোতে সাধারণ ৩৩০ কোটি ঘনফুটের মতো গ্যাস থাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে গ্যাস সরবরাহ বিঘœ ঘটে। কাতারসহ যেসব সরবরাহকারী ছিল তারা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারেনি। এ সময়ে গ্যাস সংগ্রহে সরকারকে স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্রের বাইরে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) কিনতে হয়। স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে চেয়েও সফল হওয়া যায়নি। আগস্টে তিন দফা এলএনজি সংগ্রহে দরপত্র আহ্বান করে দু’টি পাওয়া গেছে। আর এ দুরবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। দুষ্প্রাপ্যতা ও অনিশ্চয়তা কাজে লাগিয়ে ডিপিএমে এলএনজি কেনার আওতা বাড়ানোর ফন্দি করছে তারা।
বৈশ্বিক বাজারে অস্থিরতা ও দেশে সঙ্কট সবকিছু মিলিয়ে সরকারকে উচ্চদরে এলএনজি কিনতে হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে এলএনজি আমদানিতে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে। বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হয় ১৭ হাজার ৪০০ কোটি টাকা, যা আমদানি মূল্যের অর্ধেকের বেশি। অথচ পুরো বছরের জন্য ভর্তুকি বরাদ্দ ছিল ছয় হাজার ৫০০ কোটি টাকা। বছরের বাকি আট মাসে ভর্তুকি আরো কয়েকগুণ বাড়বে। যেখানে বিগত আট বছরে এ খাতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছিল ৫১ হাজার ৩৬৬ কোটি টাকা। গ্যাস সংগ্রহ করতে গিয়ে অর্থনীতি কত বড় চাপে পড়তে যাচ্ছে সহজে অনুমান করা যায়।
পত্রিকাটি খবরে উল্লেখ করেছে, গ্যাস সরবরাহকারী অন্যতম একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ প্রদান ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্বের কয়েকটি দেশে এই অভিযোগ পাওয়া গেছে। তাই ইতোমধ্যে উচ্চদামে বাংলাদেশের লেনদেনগুলো খতিয়ে দেখতে হবে। সেখানে কোনো দুর্নীতি হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। এ ধরনের কোনো চক্র পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বছরের মাঝামাঝি এলএনজির তীব্র সঙ্কট থেকে আমাদের শিক্ষণীয় আছে। বাংলাদেশ গ্যাস নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা করছে। ইতোমধ্যে গ্যাস সন্ধানে দেশে কূপ খননের চেষ্টা জোরদার করেছে। সরকারের এই উদ্যোগ ইতিবাচক। পাশাপাশি চলমান সঙ্কট মোকাবেলায় আরো সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। বিশেষ করে ডিপিএমে স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে যেন বাধ্য হতে না হয়; আগেই তার প্রস্তুতি নিতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









