
মিষ্টি উৎপাদনকারী অনেকে জিলাপি দীর্ঘক্ষণ মচমচে, উজ্জ্বল ও আকর্ষণীয় রাখতে খামিরে ‘হাইড্রোজ’ ব্যবহার করেন থাকেন। এই হাইড্রোজের রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোসালফাইট, যা মূলত সুতা, বস্ত্র ও কাগজশিল্পে রঙ সাদা করার (ব্লিøচিং এজেন্ট) কাজে ব্যবহৃত একটি তীব্র শিল্পজাত রাসায়নিক উপাদান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, যেকোনো খাদ্যে এই রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডীয় অপরাধ।
বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত, খাবারে হাইড্রোজ মেশানো হলে তা ভাজার সময় তীব্র তাপের সংস্পর্শে জারিত হয়ে বিষাক্ত সালফার ডাই-অক্সাইড গ্যাস ও ক্ষতিকর রাসায়নিক যৌগ উৎপন্ন করে। এই বিষাক্ত উপাদান মানবদেহে প্রবেশ করে রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনের মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এর ফলে দীর্ঘমেয়াদে স্থায়ীভাবে কিডনি বিকল হওয়া, লিভারের জটিলতা, পাকস্থলীর আলসার, তীব্র শ্বাসকষ্ট এবং ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এমনকি গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভপাত ও ভ্রƒণের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
সামান্য ব্যবসায়িক লাভের আশায় ক্রেতাদের খাদ্যপণ্যে এমন বিষ দেয়া যেমন চরম অনৈতিক, তেমনি নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানাযোগ্য অপরাধ। তাই দেশের জনস্বাস্থ্য ও আপনার প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সুনাম রক্ষায় খাবারে হাইড্রোজের ব্যবহার সম্পূর্ণ বর্জন করে খামির তৈরিতে প্রাকৃতিক গাঁজন ও নিরাপদ স্বাস্থ্যসম্মত বিকল্প পদ্ধতি অনুসরণ করা দরকার।
জিলাপি বিক্রেতাদের প্রতি আহ্বান, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করে একজন দায়িত্বশীল ব্যবসায়ী হিসেবে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখুন। সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, মানবদের ক্ষতি করে এমন জিলাপি যাতে বাজারে কেউ বিক্রি করতে না পারেন তার জন্য নজরদারি বৃদ্ধি করুন।
আশিক বিন আলম সোহাগ, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









