আখাউড়ায় এনসিপি নেতাকে গ্রেফতারের ঘটনায় থানা ফটকে উত্তেজনা
আখাউড়া থানার সামেনে এনসিপির নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের উত্তেজনার ঘটনা ঘটে। নয়া দিগন্ত
ads

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সায়েব আলীকে গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভের সময় এনসিপির নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের সাথে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে মোগরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাতেই আখাউড়া থানা ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে, সেখানে বিএনপির নেতাকর্মীদের সাথে এনসিপির উত্তেজনা দেখা দেয়।

গ্রেফতার সায়েব আলী উপজেলার মোগরা ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী। 

পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেফতার করা হয়েছে। 

সায়েব আলীকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাতেই আখাউড়া থানা ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, থানা ফটকে শান্তিপূর্ণভাবে অবস্থানকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের নেতাকর্মীদেরকে ধাওয়া করে।

ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: আতাউল্লাহ বলেন, সায়েব আলী কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না এবং দলটির কোনো পদ-পদবিতেও ছিলেন না। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। তাকে গ্রেফতারের পর উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতাকর্মীরা থানা ফটকে পুলিশের সাথে কথা বলতে গেলে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

হামলার অভিযোগ অস্বীকার করে, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, এনসিপির তোলা মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেফতারের প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন এবং পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি চলছিল। সেই সময় উপস্থিত কয়েকজন বিএনপি নেতাকর্মী এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত ও সুরাহা করার চেষ্টা করেন।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে জড়ো হলে সেখানে বিএনপি নেতাকর্মীদের সাথে তাদের কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।