বাংলাদেশ-ভারতে ছাত্র-যুব আন্দোলন
ads

 গোলাম আহাদ
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সাম্প্রতিক সময়ে একটি প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে- রাষ্ট্র, সরকার ও প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান প্রতিবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর সংগঠন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের বাইরে থেকে দাবি আদায়ের চেষ্টা এসব আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য। সাম্প্রতিক দু’টি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে বাংলাদেশের চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ভারতের ২০২৬ সালের আলোচিত ‘ককরোচ জনতা পার্টি’ আন্দোলন।  শ্রীলঙ্কার আরাগালায়া আন্দোলন এবং নেপালের জেন-জি আন্দোলন ও পরিবর্তনের আকাক্সক্ষার প্রকাশ।
প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের আন্দোলনের মধ্যে কিছু উল্লেখযোগ্য মিল থাকলেও উদ্দেশ্য, বিস্তৃতি, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া এবং রাজনৈতিক পরিণতির দিক থেকে আছে মৌলিক পার্থক্য। একটি আন্দোলন সরকার পতনের গণ-অভ্যুত্থানে পরিণত হয়, অন্যটি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ আদায় করে আপাতত থেমেছে।
কোটা সংস্কার থেকে সরকার পতন
বাংলাদেশে চব্বিশের পয়লা জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। উচ্চ আদালতের এক রায়ে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনর্বহালের বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তাদের মূল দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ নিশ্চিত করা। বৈষম্যমূলক কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার।
প্রাথমিকভাবে এটি ছিল শিক্ষার্থীদের অধিকারভিত্তিক আন্দোলন; কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা এবং পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাণঘাতী বলপ্রয়োগ পরিস্থিতি দ্রুত পাল্টে দেয়।
১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পুলিশের গুলিতে নিহত হওয়ার দৃশ্য আন্দোলনের একটি প্রতীকী মুহূর্তে পরিণত হয়। এরপর আন্দোলন আর শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকেনি। শিক্ষার্থীদের হত্যার বিচার, গ্রেফতার ও নির্যাতনের অবসান এবং সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে ওঠে।
ক্রমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আন্দোলনে যুক্ত হন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। কারফিউ, ইন্টারনেট বন্ধ এবং ব্যাপক গ্রেফতার পরিস্থিতি আরো জটিল করে তোলে।
জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের ২০২৫ সালের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের দমন-পীড়নে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। প্রতিবেদনে তৎকালীন সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের কথা উল্লেখ করা হয়।
অবশেষে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। ৮ আগস্ট-অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এভাবে একটি নির্দিষ্ট দাবি নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
‘ককরোচ’ আন্দোলনের জন্ম ও লক্ষ্য
ভারতে ২০২৬ সালের মে মাসে শুরু হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ বা (সিজেপি) আন্দোলনের সূত্রপাত কিছুটা ভিন্ন। এর তাৎক্ষণিক কারণ ছিল দেশটির মেডিক্যাল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষা নিট-ইউজি-তে প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ।
৩ মে প্রায় ২০ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার পর অনিয়মের অভিযোগ সামনে আসে। ১২ মে ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষা বাতিল করে ফের নেয়ার সিদ্ধান্ত জানায়। ২১ জুন পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। পরীক্ষা বাতিল ও পুনঃপরীক্ষার মধ্যবর্তী সময়ে অন্তত ১২ পরীক্ষার্থীর আত্মহত্যার খবর প্রকাশিত হয়। তবে আন্দোলনটির নামকরণ এর সবচেয়ে ব্যতিক্রমী দিক।
আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যে বেকার তরুণদের একটি অংশকে ‘ককরোচ’ বা তেলাপোকার সাথে তুলনা করা হয়েছিল। সেই অবমাননাকর শব্দকে প্রতিবাদের প্রতীক হিসেবে গ্রহণ করেন তরুণরা। তাদের বক্তব্য ছিল, সমাজ ও রাষ্ট্রের চোখে অবহেলিত হলেও তারা টিকে থাকবেন। নিজেদের অধিকারের পক্ষে কথা বলবেন।
আন্দোলনের উদ্যোক্তা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক প্রচারণার মাধ্যমে এ উদ্যোগ শুরু করেন। অল্প সময়ের মধ্যে এটি বিপুলসংখ্যক তরুণের সমর্থন পায়। অনলাইন প্রচার থেকে রাজপথের আন্দোলনে রূপ নেয়।
প্রথম দিকে আন্দোলনের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সময়ের সাথে সাথে এর দাবির পরিধি বাড়ে। পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তি, দুর্নীতি প্রতিরোধ, শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ও সামনে আসে।
আন্দোলনের বিস্তার ও সাফল্য
৬ জুন দিরি জন্তর মন্তরে প্রথম বড় রাজপথের কর্মসূচি পালিত হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়। পরিবেশকর্মী ও শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুক ২৮ জুন আন্দোলনের সমর্থনে অনশন শুরু করলে এর প্রতি জনসমর্থন আরো বাড়ে। ১৮ জুলাই তাকে অসুস্থতার কারণে কর্তৃপক্ষ জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়। প্রতিবাদে ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে বড় মিছিলের আয়োজন করা হয়। এতে হাজার হাজার তরুণ অংশ নেন। পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হিউম্যান রাইটস ওয়াচ পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। 
আন্দোলনটি দিল্লির বাইরে মুম্বাই, বেঙ্গালুরুসহ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। বিরোধী রাজনৈতিক দলগুলোও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানায়। অবশেষে ২৫ জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। পরদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষাব্যবস্থা সংস্কারে নন্দন নিলেকানির নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন। ২৭ জুলাই পরীক্ষা জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করতে সংসদে আইন সংশোধনের বিল উত্থাপন করে সরকার।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। অর্থাৎ, ভারতের তরুণরা সরকার পরিবর্তন করতে না পারলেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবি আদায় করতে সক্ষম হন।
মিল কোথায়, পার্থক্যই বা কী
বাংলাদেশ ও ভারতের আন্দোলনের মধ্যে প্রথম উল্লেখযোগ্য মিল হলো, উভয়ের সূচনা হয়েছিল একটি নির্দিষ্ট দাবি নিয়ে; কিন্তু দ্রুত তা বৃহত্তর সামাজিক অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটায়। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি এবং ভারতে পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতার দাবি- দু’টিই তরুণদের ভবিষ্যৎ, ন্যায্য সুযোগ ও সম-অধিকারের সাথে সম্পর্কিত।
দ্বিতীয়ত, উভয় ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম আন্দোলন সংগঠিত করা, তথ্যপ্রচার এবং জনমত গঠনের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে। প্রচলিত রাজনৈতিক সংগঠনের বাইরে থেকেও তরুণরা নিজেদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠা করতে পেরেছেন।
তৃতীয়ত, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া দুই আন্দোলনে পরিস্থিতি উত্তপ্ত করতে ভূমিকা রেখেছে। বাংলাদেশের ক্ষেত্রে প্রাণঘাতী দমন-পীড়ন আন্দোলনকে গণ-অভ্যুত্থানে রূপান্তরের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। ভারতেও পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ব্যবহার আন্দোলনের প্রতি জনসমর্থন বাড়ায়। তবে পার্থক্যগুলো আরো তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশের আন্দোলন শেষ পর্যন্ত দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ, কর্তৃত্ববাদ, দুর্নীতি, নির্বাচনী ব্যবস্থার প্রতি অনাস্থা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলনে পরিণত হয়। বিপরীতে ভারতের ককরোচ আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শিক্ষাব্যবস্থার অনিয়ম ও প্রশাসনিক জবাবদিহি। বেকারত্ব ও দুর্নীতির মতো বৃহত্তর বিষয় যুক্ত হলেও আন্দোলনটি সরকার পতনের দাবিতে একটি ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলনে পরিণত হয়নি।
রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার মাত্রার মধ্যেও মৌলিক পার্থক্য আছে। বাংলাদেশের আন্দোলনে জাতিসঙ্ঘের অনুসন্ধান অনুযায়ী ব্যাপক প্রাণহানি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও নির্বিচার গ্রেফতারের ঘটনা ঘটেছে। ভারতের আন্দোলনেও পুলিশি দমন-পীড়ন ও আহত হওয়ার ঘটনা ঘটেছে; কিন্তু দুই দেশের পরিস্থিতি বা প্রাণহানির মাত্রাকে সমতুল্য করে দেখার সুযোগ নেই।
রাজনৈতিক ফলও ভিন্ন। বাংলাদেশে সরকার পতন ও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটেছে। ভারতে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষাব্যবস্থা সংস্কারের উদ্যোগ এসেছে। ভারতের আন্দোলন সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করলেও নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতার ভিত্তি পরিবর্তন করতে পারেনি।
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন বার্তা
দক্ষিণ এশিয়ায় যুবসমাজের এ জাগরণকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ২০২২ সালে শ্রীলঙ্কার আরাগালায়া আন্দোলন, চব্বিশে বাংলাদেশের গণ-অভ্যুত্থান, ২০২৫ সালে নেপালের জেন-জি আন্দোলন এবং ২০২৬ সালে ভারতের ককরোচ আন্দোলন- সব ক’টি তরুণ প্রজন্মের অসন্তোষ ও পরিবর্তনের আকাক্সক্ষার বিভিন্ন প্রকাশ।
এসব আন্দোলনের একটি অভিন্ন বার্তা আছে- তরুণরা শুধু ভবিষ্যৎ প্রজন্ম নয়, তারা বর্তমান রাষ্ট্র ও সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর অংশীদার হতে চান। শিক্ষা, কর্মসংস্থান, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমান সুযোগ নিশ্চিত করার দাবি এখন তাদের রাজনৈতিক সচেতনতার কেন্দ্রে। তবে আন্দোলনের সাফল্য শুধু সরকারকে পদত্যাগে বাধ্য করা কিংবা কোনো তাৎক্ষণিক দাবি আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রকৃত সাফল্য নির্ভর করে আন্দোলনের পর কতটা প্রাতিষ্ঠানিক সংস্কার হয়, জবাবদিহি প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে রাষ্ট্র কতটা সক্ষম হয় তার ওপর।
বাংলাদেশের অভিজ্ঞতা যেমন দেখিয়েছে, রাষ্ট্রীয় দমন-পীড়ন একটি সীমিত দাবির আন্দোলনকেও সরকার পরিবর্তনের গণ-অভ্যুত্থানে রূপ দিতে পারে, তেমনি ভারতের অভিজ্ঞতা দেখিয়েছে, সংগঠিত ও লক্ষ্যনির্ভর যুব আন্দোলন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও ক্ষমতাসীন সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আদায় করতে পারে।
সবমিলিয়ে, বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থান ও ভারতের ককরোচ আন্দোলন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়- তরুণদের উপেক্ষা করে, তাদের ন্যায্য দাবি ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ অবজ্ঞা করে কোনো রাষ্ট্র বা সরকার দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। 
লেখক : সিনিয়র সাংবাদিক