‘আমরা সবাই রাজা’
জয়নুল আবেদীন।
ads



রবীন্দ্রনাথের ‘আমরা সবাই রাজা’ কবিতার সারমর্ম ‘সকলের সমান অধিকার’। পার্লামেন্ট থেকে শুরু করে চায়ের আড্ডায় যারা বসেন, সবাই রাজা হওয়ার অধিকার রাখেন। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বর্তমানে আমাদের দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা অর্ধশতাধিক। এ ছাড়া অনিবন্ধিত ছোট-বড় আঞ্চলিক ও জাতীয়- সব মিলিয়ে রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা দেড় শতাধিক। সবার লক্ষ্য রাজা হয়ে দেশ ও জাতির সেবা করা। সেবার ধরন দেখে কিশোর রাষ্ট্রকে কখনো কখনো বনফুল রচিত ‘মানুষের মন’ গল্পের অসুস্থ পল্টুুর কথা মনে পড়ে। পল্টুর দুই অভিভাবক পরেশ ও নরেশ। পরেশ যুক্তিবাদী বিজ্ঞানমনষ্ক এবং আধুনিক চিন্তাধারার মানুষ। অন্যদিকে নরেশ গোড়া ধর্মভীরু। আদরের পল্টুুর জন্য দু’জনের ঘুম হারাম। ঘুম হারাম করে পরেশ দিতেন অ্যালোপ্যাথিক চিকিৎসা। আর নরেশ পান করাতেন তারকেশ্বরের আশ্চর্য চরণামৃত। উভয়ের আন্তরিক সেবায় পল্টুর প্রাণ ওষ্ঠাগত। তেমনি আমাদের অর্ধশতাধিক রাজননৈতিক দলের সেবায় দেশ ও জাতির অবস্থা পল্টুর মতো। বিংশ শতাব্দিতে আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, নরওয়ে ও চীন নানা কারণে মুমূর্ষু হয়ে পড়েছিল। সেই মুমূর্ষ অবস্থা থেকে দেশগুলো শুধু ঘুরেই দাঁড়াইনি, সমসাময়িক বিশ্ব্ েরীতিমতো প্রভাবশালী হয়ে উঠেছে।  
আয়ারল্যান্ড 
দেশটির ইতিহাসে মূলত দু’টি বড় বিপর্যয় এসেছিল, যা থেকে অবিশ্বাস্যভাবে পুনরুদ্ধার হয়। গরিব দেশটির প্রধান খাদ্য আলু। ১৮৪৫ থেকে ১৮৫২ সালের মধ্যে আলুর মড়কে আয়ারল্যান্ডে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় ১০ লাখ মানুষ মারা যায়। আরো লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। চরম মানবিক বিপর্যয় ও ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের ধাক্কা কাটিয়ে আয়ারল্যান্ড দীর্ঘ লড়াইয়ের পর ১৯২২ সালে স্বাধীন হয়। বিংশ শতাব্দীর শেষের দিকে নিজেদের পুনর্গঠন শুরু করে। ২০০৮ সালের বৈশ্বিক মন্দার সময়ে দেশটির রিয়েল এস্টেট ও ব্যাংক খাতের বুদবুদ ফেটে যায়। ফলে পুরো অর্থনীতি ধসে পড়ে। বেকারত্ব ১৫ শতাংশ ছাড়িয়ে যায়। দেশ সচল রাখতে ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ থেকে ১০০ বিলিয়ন ডলারের বেশি ঋণ নিতে হয়। বহুজাতিক করপোরেশনের আকর্ষণ বাড়াতে আয়ারল্যান্ড করনীতি শিথিল করে। করপোরেট ট্যাক্স মাত্র ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করে। ফলে গুগল, অ্যাপল, ফেসবুক এবং বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইউরোপীয় সদর দফতর রাজধানী ডাবলিনে স্থাপন করে। প্রযুক্তি পণ্য ও ওষুধ বিশ্ববাজারে ব্যাপক হারে রফতানি করে দেশটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। সঙ্কট মোকাবেলায় সরকার খরচ সঙ্কোচন এবং ব্যাংক খাতের কঠোর সংস্কার করে। এ কঠিন সময়ে দেশের রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে একধরনের জাতীয় ঐক্য বজায় ছিল। আয়ারল্যান্ড শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করে। ইংরেজি জানা, উচ্চশিক্ষিত ও প্রযুক্তি-দক্ষ একটি তরুণসমাজ গড়ে তোলে, যা বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মূল ভূমিকা রাখে। বর্তমানে মাথাপিছু জিডিপি এবং জীবনযাত্রার মানের দিক থেকে আয়ারল্যান্ড বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত। 
সিঙ্গাপুর
সিঙ্গাপুরের উত্থান আধুনিক বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা অর্থনৈতিক অলৌকিক ঘটনা বলা হয়। ১৯৬৫ সালে যখন মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন দেশটির সামনে ছিল চরম দারিদ্র্য, উচ্চ বেকারত্ব, বাসস্থানের তীব্র সঙ্কট। কোনো প্রাকৃতিক সম্পদ না থাকায় এক মহা দুরবস্থা। সেই ভঙ্গুর দশা থেকে আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী এবং সবচেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। মহা দুরবস্থা থেকে সিঙ্গাপুরের এই জেগে ওঠার পেছনে ছিল লি কুয়ান ইউয়ের দূরদর্শী নেতৃত্ব। সিঙ্গাপুরের রূপান্তরের মূল কারিগর ছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। তিনি এবং তার দল পিপলস অ্যাকশন পার্টি কঠোর, দুর্নীতিমুক্ত এবং বাস্তবমুখী শাসনব্যবস্থা গড়ে তোলেন। তিনি আবেগ বা রাজনীতির চেয়ে কার্যকারিতা বেশি গুরুত্ব দিয়েছিলেন।
সিঙ্গাপুরের কোনো খনিজসম্পদ বা কৃষিজমি ছিল না। কিন্তু ছিল একটি চমৎকার ভৌগোলিক অবস্থান; যা বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্য পথের (মালাক্কা প্রণালী) কেন্দ্রে অবস্থিত। লি কুয়ান ইউ এই সুযোগ কাজে লাগিয়ে সিঙ্গাপুরকে একটি বৈশ্বিক বন্দর এবং লজিস্টিক হাবে পরিণত করেন। আজ সিঙ্গাপুর বন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রবন্দর। একসময় অনেক সদ্য স্বাধীন দেশ বহুজাতিক কোম্পানিকে সন্দেহের চোখে দেখত। কিন্তু সিঙ্গাপুর উল্টো নীতি গ্রহণ করে। বিদেশী কোম্পানিগুলোকে কর অবকাশ এবং চমৎকার অবকাঠামোর সুবিধা দিয়ে আমন্ত্রণ জানায়। ফলে ডিবিএস গ্রুপ, ওসিবিসি ব্যাংক, ইউওবি ব্যাংক, প্রযুক্তি ও ই-কমার্স, ক্রিয়েটিভ টেকনোলজি গ্র্যাব হোল্ডিংস, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, এই চিপ নির্মাতা এবং জেনারেল ইলেকট্রিকের মতো বড় বড় বৈশ্বিক কোম্পানি সিঙ্গাপুরে কারখানা স্থাপন করে, যা লাখ লাখ মানুষের বেকারত্ব ঘোচায়।
দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মেধার মূল্যায়ন : সিঙ্গাপুর সরকার দুর্নীতি দমনে কঠোর অবস্থান নেয়। দুর্নীতি দমন তদন্ত ব্যুরোকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়। সরকারি কর্মকর্তাদের বেতন অত্যন্ত উচ্চ স্তরে নির্ধারণ করা হয়, যাতে তারা লোভের বশবর্তী হয়ে দুর্নীতি না করেন।
প্রশাসনে স্বজনপ্রীতি দূর করে শুধু যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হয়। প্রাকৃতিক সম্পদ না থাকায় সিঙ্গাপুর নিজের নাগরিকদের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করে। শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণে বিপুল বিনিয়োগ করে। দেশের শিক্ষাব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হয় যেন শিক্ষার্থীরা সরাসরি শিল্পের প্রয়োজন মেটাতে পারে।
ইংরেজি ভাষাকে শিক্ষার প্রধান মাধ্যম এবং দাফতরিক ভাষা করা হয়, যা দেশটির জন্য আন্তর্জাতিক বাণিজ্যে এক বিশাল সুবিধা এনে দেয়।
আবাসন সঙ্কট ও সামাজিক স্থিতিশীলতা দূরীকরণ : ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে বেশির ভাগ মানুষ বস্তিতে বাস করত। সরকার হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে অত্যন্ত দ্রুত মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যের বহুতল সরকারি ফ্ল্যাট নির্মাণ করে। বর্তমানে সিঙ্গাপুরের ৮০ শতাংশ মানুষ সরকারি ফ্ল্যাটে বাস করে এবং তাদের নিজস্ব মালিকানা আছে। এটি মানুষের মধ্যে দেশের প্রতি একাত্মতা এবং সামাজিক স্থিতিশীলতা তৈরি করে।
আর্থিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ : সত্তরের দশকে সিঙ্গাপুর বুঝতে পারে, কেবল উৎপাদন খাতের ওপর নির্ভর করে টিকে থাকা যাবে না। করব্যবস্থার আধুনিকায়ন, কঠোর ব্যাংকিং গোপনীয়তা এবং স্থিতিশীল মুদ্রানীতির মাধ্যমে নিজেদের এশিয়ার প্রধান আর্থিক কেন্দ্রে রূপান্তরিত করে।
বলতে গেলে- সঠিক নেতৃত্ব, কঠোর আইনশৃঙ্খলা, দুর্নীতিহীনতা, কৌশলগত বাণিজ্য নীতি এবং মানবসম্পদের সঠিক ব্যবহার- এই পঞ্চমুখী নীতিতে ভর করে সিঙ্গাপুর তৃতীয় বিশ্বের একটি অনুন্নত, দরিদ্র জঙ্গলময় দ্বীপ থেকে মাত্র এক প্রজন্মের ব্যবধানে প্রথম বিশ্বের একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পেরেছে।
দক্ষিণ কোরিয়া
 ১৯৫০ সালের যুদ্ধ দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে। যুদ্ধ এবং পরবর্তী সঙ্ঘাতের কারণে লাখ লাখ সাধারণ মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়। ওই সময় দেশটি হয় বিশ্বের অন্যতম দরিদ্র ও কৃষিনির্ভর রাষ্ট্র। দেশটি ঘুরে দাঁড়ানোর পেছনে অন্যতম কারণ- শিক্ষার সর্বোচ্চ গুরুত্ব, রফতানিভিত্তিক শিল্পায়ন, গবেষণা ও প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, গ্রাম উন্নয়ন আন্দোলন ও সাংস্কৃতি বিপ্লব দেশটিকে ধ্বংসস্তূপ হয়ে যাওয়া থেকে উন্নতির চূড়ায় পৌঁছে দেয়।
পোল্যান্ড
পোল্যান্ডের ঘুরে দাঁড়ানোর গল্পটি ধ্বংসস্তূপ ও দেউলিয়াত্ব থেকে বাঁচিয়ে পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ১২৩ বছর পরাধীন থাকার পর ১৯১৮ সালে স্বাধীন হয়। দীর্ঘদিন ধরে বিদেশী শক্তির বিভাজন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ নাৎসি ও সোভিয়েত আগ্রাসন এবং পরবর্তীতে অর্ধশতাব্দীর ব্যর্থ কমিউনিস্ট শাসনের পর, ১৯৮৯ সালে পোল্যান্ডের অর্থনীতি সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েছিল। এ চরম দুরবস্থা থেকে পোল্যান্ডের মূল অর্থনৈতিক ও সামাজিক পুনরুত্থানের প্রধান ধাপগুলো হলো: বালসেরোভিচ পরিকল্পনা, উদ্যোক্তা নীতি ও বেসরকারি খাতের বিকাশ, মানবসম্পদ ও সর্বজনীন শিক্ষা, স্বাধীন মুদ্রা ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা। পোল্যান্ডের ইতিহাসে স্বর্ণযুগ এসেছিল জাগিয়েলনীয় রাজবংশের শাসনামলে (১৫ শ’- ১৬ শ’ পর্যন্ত)। 
নরওয়ে
বর্তমান অর্থনৈতিক রূপান্তর এবং বিশ্বমঞ্চে অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হওয়ার গল্পটি মূলত দীর্ঘস্থায়ী রাজনৈতিক দূরদর্শিতা, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের এক অনন্য উদাহরণ।
বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত নরওয়েকে ইউরোপের অন্যতম সাধারণ ও সংগ্রামরত দেশ হিসেবে বিবেচনা করা হতো। যার অর্থনীতি মূলত মৎস্য শিকার, কাঠ ব্যবসা এবং সীমিত নৌপরিবহনের ওপর নির্ভরশীল ছিল। ১৯৬৯ সালের তেল আবিষ্কার, সার্বভৌমত্ব ও কঠোর নিয়ন্ত্রণ, লোভ ও দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক শৃঙ্খলা, মানব সম্পদে বিনিয়োগ, নবায়নযোগ্য শক্তি ও বৈচিত্র্যময় অর্থনীতি নরওয়েকে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটি অন্যতম উন্নত, ধনী ও সুখী দেশে পরিণত করেছে।
চীন
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন। চরম অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় বা মহাদুরবস্থা থেকে চীনের পরাশক্তি হিসেবে জেগে ওঠার গল্পটি আধুনিক ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দুর্ভিক্ষ, দারিদ্র্য এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
প্রধানত, ১৯৭৮ সালের অর্থনৈতিক সংস্কার, বাজার উন্মুক্তকরণ, সস্তা শ্রমের ব্যবহার এবং দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে চীন এ অবিশ্বাস্য রূপান্তর ঘটিয়েছে। এর পেছনে দেং শিয়াওপিংয়ের অর্থনৈতিক সংস্কার (১৯৭৮), কৃষি খাতের সংস্কার এবং দারিদ্র্যবিমোচন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, বিশ্বের কারখানা, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান (২০০১), অবকাঠামোগত বিপ্লব ও শিক্ষা, দূরদর্শী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
চীন চরম অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তির জন্য কঠোর পরিশ্রম, রাষ্ট্র নিয়ন্ত্রিত পুঁজিবাদ, বৈশ্বিক বাণিজ্য নীতি এবং সময়োপযোগী সংস্কারকে কাজে লাগিয়েছে। মাও সেতুংয়ের মৃত্যুর পর ১৯৭৮ সালে চীনের নেতৃত্বে আসেন দেং শিয়াওপিং। তিনি সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে পুঁজিবাদের কিছু নীতি যুক্ত করে ‘চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র’ প্রবর্তন করেন। তার বিখ্যাত উক্তি ছিল- ‘বিড়াল কালো না সাদা তা বড় কথা নয়, ইঁদুর ধরতে পারলেই হলো।’ অর্থাৎ আদর্শের চেয়ে অর্থনৈতিক ফল ছিল তার মূল লক্ষ্য।
শেষ কথা
সিঙ্গাপুরের মতো বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে এক অনন্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এবং ভৌগোলিক অবস্থানে অবস্থিত। বৈশ্বিক বাণ্যিজ্য পথ, সমুদ্রসীমা ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে উভয় দেশের অবস্থানের মধ্যে চমৎকার কিছু অর্থনৈতিক ও কৌশলগত মিলও আছে। চীন ও পোল্যান্ডের মতো আমাদের আছে মানবসম্পদ। বাংলাদেশ বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় তরুণ জনগোষ্ঠীর সুবর্ণ সময় পার করছে। দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশ কর্মক্ষম (১৫-৬৪ বছর)। এ বিশাল তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে বড় শক্তি। সবই ঠিক আছে, ঠিক নেই কেবল ৬৩ দলের মধ্যে। একদল অ্যালোপ্যাথিক চিকিৎসার পক্ষে। আরেক দল পান করায় তারকেশ্বরের আশ্বর্য চরণামৃত। বহুদলের সেবায় স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করার পরও আত্মকলহে জর্জরিত হয়ে কাল্পনিক ভূতের মতো দেশ পেছনের দিকে হাঁটছে। 
লেখক : আইনজীবী ও কথাসাহিত্যিক