শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পাকিস্তানের
সিরিজ জয়ের পর ট্রফি হাতে পাকিস্তান ক্রিকেট দলের উল্লাস : ক্রিকইনফো।
ads

ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই গতকাল জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ৯৮ রানে গুটিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়া পাকিস্তান। এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩২৫ রান করেছিল স্বাগতিকরা। ফলে দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৩১৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জয়ের লক্ষ্য ৯০ রান হলে দুই উইকেট হারিয়ে তা তুলে সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে। প্রথম টেস্টটি ড্র হয়েছিল।
রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিন তিন উইকেটে ৩০৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের সাথে মাত্র সাত রান যোগ করতেই বাকি উইকেট হারায় সফরকারীরা। ফলে ৩১৬ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন মিলান রথনায়েকে। এ ছাড়া কুশল মেন্ডিস ৫৩ ও সোনাল দিনুশা করেন ৫৪ রান। তিনটি করে উইকেট নেন পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও আমির জামাল। এতে ম্যাচ জিততে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান। 
৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য দু’টি উইকেট হারায় পাকিস্তান। তাইয়্যেব আরিফ ১৩ এবং মোহাম্মদ তাহা চার রান করে ফেরেন। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি আজান আওয়াইস ও আমির জামাল। মাত্র ১৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। আমির জামাল ২২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। ৩৬ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন আজান আওয়াইস। ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস। 
এই জয়ে ২০২৪ সালের অক্টোবরের পর প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। একই সাথে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রেও প্রথম সিরিজ জয় তুলে নিল বাবর আজমের দল।