
নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় আকভান ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। ফলে সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের গতকাল শুক্রবার থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকাল ৬টার দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে।
আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হয়ে যেতে পারে।
সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে নি¤œচাপজনিত ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ওড়িশায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায় ১০৮ মিলিমিটার। ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত হয়নি বললেই চলে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও খুলনা বিভাগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের প্রভাব থাকবে। স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে ছয় ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে বলে উপকূলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, উত্তাল সাগর, ভারী বৃষ্টি ও সম্ভাব্য জলাবদ্ধতার ঝুঁকি থাকায় সমুদ্রবন্দর, মাছ ধরার নৌকা ও ট্রলার এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের আবহাওয়া অধিদফতরের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









