রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ads

কূটনৈতিক প্রতিবেদক 

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসন করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে জাতিসঙ্ঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সাথে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, রোহিঙ্গাদের ফেরা নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার ওপর, যাতে তারা নিরাপদে বাড়ি ফিরে নতুন করে জীবন গড়তে পারে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সাথে কাজ করবে। গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের আইনি অবস্থানকে আরো শক্তিশালী করেছে।
আইসিজের রায়ের ওপর প্রতিক্রিয়া জানাতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, দীর্ঘস্থায়ী এই সঙ্কটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসঙ্ঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সাথে নিয়ে কাজ করবে।
ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সাথে কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় বাংলাদেশ যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যায় না। তবে বাংলাদেশ ক্ষতিপূরণ দিতে এবং রায়ে বর্ণিত অন্যান্য পদক্ষেপ নিতে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করবে, যা বেঁচে থাকা পরিবারগুলোকে রাখাইনে ফিরে গিয়ে নতুন করে জীবন গড়তে সহায়তা করবে। যদি এই মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া বিষয়টি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে বাংলাদেশ জাতিসঙ্ঘের কাঠামোর ভেতরে থেকেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য কাজ করবে।
রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যদি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সামনে আসে, তবে ঢাকা জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সাথে এটা নিয়ে আলোচনা করবে। আইসিজে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। একইসাথে আন্তর্জাতিক এ আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দায়ী করা হয়েছে। আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, নানা বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার ক্রমান্বয়ে সঙ্কুচিত করা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাখাইনে সশস্ত্র ব্যক্তিদের গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। এ ছাড়া ২০২০ সালে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নিয়ে আদালতের দেয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণে মিয়ানমার ব্যর্থ হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসঙ্গত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে। তিনি বলেন, রায়ে রাখাইনে আগের অবস্থা ফিরিয়ে দেয়া ও ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও রয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনত বাধ্যতামূলক। প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। 
২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় প্রতিমন্ত্রী গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।  তিনি একই সাথে ওআইসি (ইসলামী সহযোগিতা সংস্থা) এবং যে ১১টি দেশ আদালতে লিখিত বিবৃতি জমা দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানান। এ সময় তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনার কথা উল্লেখ করে কক্সবাজারে তাদের আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠীর সমর্থনের কথা স্বীকার করেন। 
হুমায়ুন কবির এই রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একইসাথে তিনি প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশী জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতি আহ্বান জানান।
‘জয় বাংলা’ পলাতকদের স্লোগান : সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগানে পরিণত হয়েছে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারাই এখন এই স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে না। তিনি বলেন, আট মাসের মধ্যে সরকার বেশ কিছু সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারী দেশ ও অংশীদারদের আগ্রহ তৈরি হচ্ছে। কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। কিন্তু একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী দেশের এই অগ্রযাত্রা মেনে নিতে পারছে না। কিন্তু এরা বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। কোনো দেশে সন্ত্রাসীদের টেকসই অবস্থান হয় না, বাংলাদেশেও হবে না। আমরা তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ন্যায়বিচারের পথে এগোবো। তারা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে না। বাংলাদেশে সন্ত্রাসের কোনো জায়গা নেই।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে আগুন ধরিয়ে দিয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।