
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ৯ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে প্রোটিয়ারা। আসন্ন সাদা বলের দুই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ঘোষিত দলে রয়েছে বেশ কয়েকটি চমক। বিশেষ করে গতকাল দুই ফরম্যাটে দুই ভিন্ন অধিনায়কের নাম ঘোষণা করেছে তারা। ওয়ানডেতে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন কেশব মহারাজ এবং টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে বিজর্ন ফরটুইনকে।
ঘোষিত দলে সাদা বলের কোনো ফরম্যাটেই রাখা হয়নি নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন সেনুরান মুথুসামি। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
প্রোটিয়া প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, ব্যস্ত সূচির কারণে একাধিক নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। একইসাথে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নতুন ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ দিতে চায় দলটি।
আগামী ১ ডিসেম্বর কুগোম্পো সিটিতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। ৪ ডিসেম্বর গকেবেরহায় দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপটাউনে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১০ ডিসেম্বর কিম্বার্লিতে শুরু হবে টি-২০ সিরিজ। ১২ ডিসেম্বর বেনোনিতে দ্বিতীয় এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে তৃতীয় টি-২০ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফর শেষ হবে বাংলাদেশের।
ওয়ানডে দলে সবচেয়ে বড় আকর্ষণ পেসার অ্যানরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডির অন্তর্ভুক্তি। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন নরকিয়া। সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে খেলেছিলেন তিনি। অন্যদিকে চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন এনগিডি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই পেসার। তার প্রত্যাবর্তনে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ আরো শক্তিশালী হবে বলে আশা করছে দলটি।
এ ছাড়া ওয়ানডে ও টি-২০ দুই দলেই জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দুই সংস্করণের দলেই জায়গা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার সিনেথেম্বা কেশিলের। ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় সাত ইনিংসে ২৭৭ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১৯৭.৮৫। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বোশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফরটুইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, অ্যানরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ত্রিস্তান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার টি-২০ দল : বিজর্ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টার হুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









