
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত আইসিজের রায়কে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন মার্কিন মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ফর অল’-এর প্রেসিডেন্ট ইমাম আবদুল মালিক মুজাহিদ। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গাদের গণহত্যার জন্যে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছে তা কয়েক দশকের মধ্যে বাংলাদেশের হাতে তাদের নিজদেশে প্রত্যাবাসনের জন্যে বড় দর-কষাকষির সুযোগ তুলে দিয়েছে। এই রায় ১৯৭৮ সালের পর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী তুরুপের তাস। মিয়ানমার ১৫৪টি দেশকে উপেক্ষা করতে পারে না। একই সাথে তিনি বাংলাদেশের জন্য ক্ষতিপূরণসহ পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষা ও সহায়তা পুনরায় চালুর আহ্বান জানান।
ইমাম আবদুল মালিক মুজাহিদ বলেন, বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস রোহিঙ্গাদের উদ্ধার জুলুমকে তার আইনি নাম দিয়েছে গণহত্যা। ইতিহাসে প্রথমবার কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সাথে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুমতি দিতে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে, দায়ীদের বিচার করতে এবং দুই বছরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে। রায়টি আদালতের বিধির ৫৯ অনুচ্ছেদ এবং জাতিসঙ্ঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী বাধ্যতামূলক।
তিনি বলেন, মিয়ানমার আদালতের এই আদেশ উপেক্ষা করলেও গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী ১৫৪টি দেশকে উপেক্ষা করতে পারে না। ওআইসি’র ৫৭টি সদস্য দেশ এই মামলাকে সমর্থন করেছে এবং ১১টি দেশ আনুষ্ঠানিকভাবে মামলাকারী গাম্বিয়ার সাথে হস্তক্ষেপকারী পক্ষ হয়েছে। তবে আদালতের রায় মিয়ানমার না মানলে করণীয় কী- প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত রায় কার্যকর করার ব্যাপারে ক্ষমতাহীন হলেও ধীরগতি মানেই ক্ষমতাহীন নয়। সার্বিয়া মালাদিচকে হস্তান্তর করেছে। সাত বছর পর উগান্ডা কঙ্গোকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে এবং মিয়ানমারেরও পালা আসবে।
ইমাম আবদুল মালিক মুজাহিদ আরো বলেন, মিয়ানমারের গণহত্যার মূল্য বাংলাদেশের দেয়া উচিত নয়। ১২ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দেয়ার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশকেও ক্ষতিপূরণ দিতে হবে। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৮ সালের কৌশল অনুসরণ এবং আরাকান আর্মির রসদ সরবরাহ বন্ধের আহ্বান জানান। একই সাথে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার তহবিল পুনরায় চালুর কথা বলে বলেন, বিশ্ব মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার স্বীকৃতি দিয়েছে তাই জীবিত রোহিঙ্গাদের অনাহারে থাকতে দেয়া চলবে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমাম আবদুল মালিক মুজাহিদ বলেন, যুক্তরাষ্ট্রসহ বাকি বিশ্বের উচিত বাংলাদেশকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন করা। এ কাজে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির পূর্ণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে এ ক্ষেত্রে একযোগে কাজ করার প্রয়োজন। কারণ আইসিজের রায়ের পর আসিয়ানভুক্ত দেশগুলো রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাধ্যবাধকতার মধ্যে পড়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা তরুণদের মধ্যে কারিগরি প্রশিক্ষণ দেয়ার অনুমতি দেয়া উচিত যাতে তারা দক্ষ জনশক্তি হিসেবে নিজ দেশে ফিরে যেতে পারে। মিয়ানমারের তুলাতলিতে বৌদ্ধরা ফিরে যাওয়ার পর তারা বিদ্যুৎ ও স্কুলে শিক্ষার সুযোগ পেলেও রোহিঙ্গারা তা পাচ্ছে না। তুলাতলিতে পাঁচটি মসজিদ সম্পূর্ণ ধ্বংসের উল্লেখ করে বলেন, ওই পাঁচটি মসজিদের মধ্যে একটি মসজিদের ইমাম আবদুল গফুর প্রাণে বেঁচে গেলেও বাকি চারজন ইমামকে হত্যা করা হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের কোনো নাগরিক স্বীকৃতি নেই অথচ তারা শত শত বছর ধরে বৌদ্ধদের সাথে মিলেমিশে বাস করে আসছে। মিয়ানমারকে বিশ্বের বাকি দেশগুলোর সাথে বাণিজ্যসহ বিভিন্ন সম্পর্ক রেখেই চলতে হবে এবং এ কারণে দেশটির ওপর আন্তর্জাতিক বিশ্বের রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ সৃষ্টি জরুরি। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পক্ষে জার্মান বিচারক পর্যন্ত বলেছেন গণহত্যার জন্যে দেশটির বিচার হওয়া উচিত। মিয়ানমারকে শাস্তি পেতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমান মিয়া, এএসইএবি নির্বাহী পরিচালক মিলি রহমান ও উপনির্বাহী পরিচালক নুরুল ইসলাম। ওসমান মিয়া ১৯৭০ সালে মিয়ানমার থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জাস্টিস ফর অল, এএসইএবি ও বার্মা টাস্ক ফোর্স সম্মিলিতভাবে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









