
নয়া দিগন্ত ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দেয়ার চেষ্টা, পাবনার বেড়ায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ এবং রাজশাহী ও নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া নওগাঁ, নরসিংদী ও চাঁদপুরে বিএনপির দলীয় কার্যালয় ও ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সিলেট ব্যুরো জানায়, সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাসাটিতে নিরাপত্তারক্ষী না থাকা এবং সংলগ্ন সিসিটিভি ক্যামেরা অচল থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার প্রতিবাদে একই দিন বিকেলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
পুলিশ জানায়, ভোররাতের কোনো একসময় কাপড় বা কাগজজাতীয় কিছু দিয়ে প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেয়ার চেষ্টা করা হয়। স্থানীয়দের কেউ কেউ পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেয়া হয়েছিল। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ দিকে এলাকাবাসী জানিয়েছেন, প্রতিমন্ত্রীর বাসায় কোনো নিরাপত্তারক্ষী নেই। বাসা সংলগ্ন সিসিটিভি ক্যামেরাও দীর্ঘদিন ধরে অচল। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে এলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন।
ঘটনার খবর পেয়ে সিলেটে অবস্থানরত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ বিএনপি নেতারা ঘটনাস্থলে যান।
এ দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সরকার গঠনের পর সিলেটের রাজপথে এই প্রথম মিছিলে নেতৃত্ব দেন সরকারের দুই মন্ত্রী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই। তারা রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই, একমাত্র চর্চা সন্ত্রাস।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, গ্রাম, ইউনিয়ন ও প্রতিটি এলাকায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট শক্তিকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, তাদের গোপন ও সন্ত্রাসী কর্মকাণ্ড ও সেভাবে প্রতিহত করা হবে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।
বেড়া থানা অবরুদ্ধ, সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন
বেড়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন উভয়পক্ষে অন্তত ১০ আহত হয়েছে।
একাধিক সূত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার পায়না ও সম্ভূপুরা মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীরা একত্রিত হয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডাকবাংলা এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পারে তারা মাথায় হেলমেট ও বিশেষ জ্যাকেট পরিধান করে দেশীয় অস্ত্র নিয়ে বেড়া মডেল থানা ঘেড়াও করলে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় বিএনপি কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিয়ে রাজপথ দখলে নেয়।
সন্ধ্যার পরে বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির সামনে আওয়ামী লীগ সমর্থকেরা আবার মিছিল বের করলে বিএনপির কর্মী-সমর্থকরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ রয়েছে। এলাকায় পুটিহল জোড়দার করা হয়েছে।
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পেট্রোল বোমা দু’টি ব্যাংকের জানালায় আঘাত হেনে বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালীতে ঝটিকা মিছিল, গ্রামীণ ব্যাংকে আগুন
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। তারা গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গতকাল বিকেলে চৌমুহনী পূর্ব বাজারে কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। তারা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করে সেখান থেকে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা একপর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোল বোমা নিক্ষেপ করে ও আগুন ধরিয়ে দেয়। তারা ভবনের দু’টি জানালার গ্লাস ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানান বেগমগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির।
পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সহড়ন্দ গ্রামের অবস্থিত ওই কার্যালয়টির আসবাবপত্র আগুনে পুড়ে যায়।
বেলাবো (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর বেলাবোতে গ্রামীণ ব্যাংকের সদর শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের মতলব উত্তরে আবারো বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









