পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা শিবির পরিদর্শন
কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান : নয়া দিগন্ত।
ads

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছেন জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাক্সক্ষার কথা শোনেন।
খলিলুর রহমান বলেন, আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে  এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতির দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করছেন। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় শুধু ন্যায়বিচার ও আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় নয়, বরং নিজ দেশে ফিরে যাওয়ার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের আশা, এ রায়ের ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি হবে।