
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে গতকাল এক বিবৃতিতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস। বাংলাদেশের জাতীয় ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্রবাহিনীর বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে সশস্ত্রবাহিনীর সব সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে আমাদের অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ সম্মিলিত অভিযানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। তাই ২১ নভেম্বর আমাদের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্মারক।
বিরোধী দলীয় নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্রবাহিনীর ভূমিকা প্রশ্নাতীত। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে সশস্ত্রবাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আমরা আশা করি, সশস্ত্রবাহিনী সর্বাবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে।
মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং সশস্ত্রবাহিনীর সকল সদস্যকে দেশ ও জনগণের সেবায় আরো শক্তি, প্রজ্ঞা ও সাফল্য দান করুন। আমীন।
অস্ট্রেলিয়া পৌঁছেছেন ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ নেতৃবৃন্দ।
গতকাল স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিরোধীদলীয় নেতা। বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীর ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন জামায়াত আমির।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরকালে বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন জামায়াত আমির। আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









