
গত দেড় থেকে দুই দশক ধরে দেশের সংস্কৃতি এক নাজুক ও বিপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এই স্থবিরতা কাটিয়ে উঠতে এবং সংস্কৃতির প্রতিটি খাতের বিপর্যয় মোকাবিলায় আগামী ডিসেম্বরে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে বগুড়া শিল্পকলা অ্যাকাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
পৃষ্ঠপোষকতার অভাবে সংস্কৃতিতে বিপর্যয়
দেশের বর্তমান সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, পৃষ্ঠপোষকতা ও পরিকল্পনার অভাবে সংস্কৃতির প্রতিটি খাতে যে বিপর্যয় তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
তিনি বলেন, শিল্প, সাহিত্য, সংগীত, চিত্রকলা, নৃত্য কিংবা বই পড়া ও ঐতিহ্য সংরক্ষণ—সংস্কৃতির প্রায় প্রতিটি অনুষঙ্গই আজ দুর্বল হয়ে পড়েছে। দায়িত্বশীল মহল থেকে যথাযথ লালন ও পরিকল্পিত পৃষ্ঠপোষকতার অভাবেই এই বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে। তবে এই স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও বিস্তৃত সাংস্কৃতিক পরিসর সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বিশ্বদরবারে সম্মানজনক স্থান করে নিতে পারবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নজরুল বর্ষ ও জাতীয় উৎসব
সুস্থ ও সাবলীল সংস্কৃতি গড়ে তুলতে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কথা তুলে ধরে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা ও একাধিক বৈঠকের ধারাবাহিকতায় বেশ কিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে নজরুল বর্ষ পালন এবং আগামী ডিসেম্বরে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব।’
সংস্কৃতি কেবল গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্ব গঠনের প্রধান হাতিয়ার। আসন্ন জাতীয় উৎসবের মধ্য দিয়ে লুপ্তপ্রায় ও ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক অনুষঙ্গগুলোকে মূলধারায় ফিরিয়ে আনা হবে এবং দেশের সংস্কৃতি এক নতুন মাত্রায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ
জাসাস আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তরফদার লালুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









