
- রাজধানীতে ১৭৭ চেকপোস্ট, ২১ জেলায় সহিংসতা
- ১২ দিনে ৭৪ গাড়িতে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
- নাশকতা ঠেকাতে ব্যস্ত পুলিশ, ব্যাহত দৈনন্দিন কার্যক্রম
- অর্থায়ন ও ককটেল তৈরির কারিগরদের খুঁজছে গোয়েন্দারা
ডিসেম্বরকে সামনে রেখে দেশজুড়ে নতুন করে সহিংসতা ও নাশকতার ঘটনায় উদ্বেগ বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে থানা, পুলিশ বক্স, সরকারি স্থাপনা, যানবাহন ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাজধানীসহ অন্তত ২১ জেলায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনায় প্রাণহানিও ঘটেছে। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে ১৭৭ করা হয়েছে। সাত জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবির ৯৬ প্লাটুন। নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষায়িত ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত তৎপর থাকলেও সহিংসতার আশঙ্কা কাটছে না।
সংশ্লিষ্ট সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অংশ রাজপথে শক্তি প্রদর্শন, সাংগঠনিক উপস্থিতি জানান দেয়া এবং সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। সাম্প্রতিক ঝটিকা মিছিল, সংঘবদ্ধ জমায়েত, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো সেই আশঙ্কাকে জোরালো করেছে। তবে এসব ঘটনার দায় আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। অন্যদিকে পুলিশ ও সরকারের পক্ষ থেকে এসব নাশকতার জন্য দলটি এবং এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করা হচ্ছে।
১২ দিনে ৭৪ গাড়িতে আগুন, ৭৮ স্থানে বিস্ফোরণ
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে সারা দেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। দু’টি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এসব ঘটনা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি নাশকতার পরিকল্পনা, সংগঠক ও অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টার্গেটে থানা-পুলিশ
রাজধানীতে সিরিজ ককটেল বিস্ফোরণের ঘটনা শুরু হয় গত ৬ নভেম্বর। ৮ নভেম্বর রাতে তা ব্যাপক আকার ধারণ করে। ওই রাতে অন্তত পাঁচটি থানা প্রাঙ্গণসহ ঢাকা বিশ^বিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ ১৫টি স্থানে একযোগে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় এলাকা ও মিরপুরেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
সর্বশেষ গত মঙ্গলবার রাতেও রাজধানীতে একই ধরনের তৎপরতা দেখা যায়। ওই রাতে পাঁচটি বাসে আগুন, অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং একটি পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের ফটকের সামনেও দু’টি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় কেউ হতাহত হননি।
রাজধানীর বাইরে আরো সহিংসতা
রাজধানীর বাইরে হামলার মাত্রা বেশি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইকিং করে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। থানা চত্বরে পুলিশের গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। একই এলাকায় রাজনৈতিক নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ রয়েছে। টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় হামলার ঘটনাও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। গত ১৭ নভেম্বর গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও আলোচনায় আসে।
টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে একটি হাসপাতালে হামলার সময় ককটেল বিস্ফোরিত হলে প্রসূতি ও নবজাতকসহ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধের সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কৃষক দলের এক নেতা নিহত হন। পরদিন নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত হন। এসব ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে।
নিষেধাজ্ঞার মধ্যেও সাংগঠনিক তৎপরতা
২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এরপরও বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল, গোপন বৈঠক ও সাংগঠনিক যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে।
গত ১৬ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে নেতাকর্মীদের সভা করার খবর প্রকাশিত হয়। নিষেধাজ্ঞার মধ্যে এ ধরনের তৎপরতা দলটির সাংগঠনিক অবস্থান ও নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দফায় লকডাউন ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত ১৯ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর ৪৮ ঘণ্টার নতুন লকডাউনের ঘোষণাও দিয়েছে দলটি। আট দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিষেধাজ্ঞার মধ্যে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে না পারলেও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগাযোগ ও সমর্থকভিত্তি ধরে রাখার চেষ্টা করছেন। সাম্প্রতিক ঘটনাগুলোর মাধ্যমে কয়েকটি উদ্দেশ্য অর্জনের চেষ্টা থাকতে পারে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তাব্যবস্থাকে চ্যালেঞ্জ করা, সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি, মাঠপর্যায়ে সাংগঠনিক উপস্থিতি জানান দেয়া এবং রাজনৈতিক আলোচনায় নিজেদের আবারো দৃশ্যমান করা।
নাশকতার অর্থায়ন ও কারিগরদের খোঁজ
সাম্প্রতিক নাশকতার ঘটনায় কারা অর্থ জোগাচ্ছে এবং কারা ককটেল তৈরি করছে, তা শনাক্ত করতে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে। মাসে দু’টি লকডাউন কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচিকে সামনে রেখে নিজেদের অস্তিত্ব জানান দিতে দলটির নেতাকর্মীরা তৎপর হয়েছেন।
তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের অধিকাংশই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী। তাদের কেউ কেউ অর্থের বিনিময়ে এসব কাজে জড়িয়েছেন। অর্থদাতাদের কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
তবে নাশকতার অর্থায়নের উৎস, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের ধরন এবং ককটেল তৈরির কারিগরদের পুরো নেটওয়ার্ক এখনো শনাক্ত করা যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোনের কথোপকথন বিশ্লেষণ করে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা।
এদিকে পোশাকশ্রমিকদের আন্দোলনসহ বিভিন্ন জনদাবির কর্মসূচিকে কেন্দ্র করেও সহিংসতার অভিযোগ উঠেছে। মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র। গত ১৯ নভেম্বর ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ১০৭ জন নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য প্রকাশ করে ডিএমপি।
নিরাপত্তা প্রস্তুতি বাড়িয়েছে সরকার
নাশকতা ঠেকাতে রাজধানীতে চেকপোস্টের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। সাধারণ সময়ে যেখানে সর্বোচ্চ ৩০টি চেকপোস্ট থাকে, সেখানে বর্তমানে ১৭৭টি চেকপোস্ট বসানো হয়েছে। গত বৃহস্পতিবার দেশের সাত জেলায় মোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ঢাকা, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় টহল ও চেকপোস্ট বাড়িয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আনসার ব্যাটালিয়নের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। থানাসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় তথ্যপ্রযুক্তি ও ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি সদর দফতরের উপমহাপরিচালক (মিডিয়া) কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নয়া দিগন্তকে বলেন, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সাথে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘœ রাখা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে। সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেয়ার কার্যক্রম নেয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হলেও ধারাবাহিক নাশকতা ও সহিংসতার ঘটনায় পুলিশের সক্ষমতা এবং কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবর নয়া দিগন্তকে বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এবং মহাসড়কে অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হলেও নাশকতা মোকাবেলায় সরকার কেন পারছে না, তা জনগণকে জানানো উচিত।
তিনি বলেন, পুলিশের কার্যক্রম একেবারেই দৃশ্যমান নয়। কোনো সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা থাকলে তা প্রকাশ করা প্রয়োজন। কী কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সরকারকে তা স্পষ্ট করতে হবে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে অর্থনীতির ক্ষতি হবে, যা সরকারের জন্য বড় সঙ্কটে পরিণত হতে পারে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেন, বাস পোড়ানো ও ককটেল বিস্ফোরণসহ সাম্প্রতিক নাশকতার ঘটনায় পুলিশের ভূমিকা কিছুটা শিথিল ও প্রায় নিষ্ক্রিয়। সরকারের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ দৃশ্যমান না হলে পরিস্থিতি বিশৃঙ্খলার দিকে যেতে পারে।
তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও দলটি সক্রিয়- এটি জানান দেয়ার জন্য এক ধরনের প্রতীকী নাশকতা চালানো হচ্ছে। ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সংশ্লিষ্ট মহলের তৎপরতা তত বাড়তে পারে। কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুমের মতে, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও সাম্প্রতিক সময়ে সারা দেশে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে, তা উদ্বেগজনক।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দেশে অরাজক পরিস্থিতি তৈরির জন্য দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উসকানি দেয়া হয়েছে বলে তার ধারণা। সেই উসকানিতে সাড়া দিয়ে তারা পুলিশের ওপর হামলা, থানায় অগ্নিসংযোগ এবং সরকারি দলের নেতাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
ডিসেম্বর ঘিরে বাড়ছে উদ্বেগ
দেশের রাজনৈতিক ইতিহাসে ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বিজয়ের মাসে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, জনসমাবেশ ও রাজনৈতিক বক্তব্যের মাত্রা সাধারণত বেড়ে যায়। এবার এর সাথে যুক্ত হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন কর্মসূচি।
রয়টার্সের ১৮ নভেম্বরের এক প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ, সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা বলা হয়েছে। এদিকে গোয়েন্দা সংস্থাগুলো ডিসেম্বর মাসে বড় ধরনের নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে সাম্প্রতিক নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত আইনি প্রক্রিয়া, গণতান্ত্রিক অধিকার ও জনগণের রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে। কিন্তু রাজনৈতিকভাবে ফিরে আসার আকাক্সক্ষা কোনোভাবেই সহিংসতা, অগ্নিসংযোগ, বোমাবাজি কিংবা সাধারণ মানুষের জীবন বিপন্ন করার বৈধতা দিতে পারে না।
ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, ততই নিরাপত্তা সংস্থাগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, হামলার পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত করা এবং জনমনে নিরাপত্তার আস্থা ফিরিয়ে আনা। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ ও সীমাবদ্ধতা সম্পর্কে সরকারের স্বচ্ছ অবস্থানও জরুরি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ না নেয়া হলে রাজনৈতিক উত্তেজনা আরো বড় ধরনের নিরাপত্তা ও অর্থনৈতিক সঙ্কটে রূপ নিতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









