ফুসফুস সুস্থ রাখতে করণীয়
ads


ধূমপান মানেই ফুসফুসের ক্ষতি, এমন ধারণা অনেকেরই রয়েছে। সিগারেট বা বিড়ির ধোঁয়া যে শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় এমন বেশ কিছু অভ্যাস ও উপাদান রয়েছে, যেগুলোর প্রভাবও পড়তে পারে ফুসফুসের ওপর। রান্নাঘরের ধোঁয়া থেকে শুরু করে ঘর পরিষ্কারের রাসায়নিক, এমনকী বাড়ির স্যাঁতসেঁতে দেওয়ালও হয়ে উঠতে পারে বিপদের কারণ। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন এই ধরনের দূষণের সংস্পর্শে থাকলে শ্বাসনালিতে প্রদাহ, অ্যালার্জি এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ধূমপানের পাশাপাশি দৈনন্দিন জীবনের আরো কয়েকটি বিষয় সম্পর্কে সতর্ক থাকা জরুরি। 
পাঁচটি বিষয় নীরবে ক্ষতি করতে পারে ফুসফুসের।
১. রান্নাঘরের ধোঁয়া থেকে বিপদ : অনেক বাড়িতে এখনো কাঠ, কয়লা কিংবা অন্যান্য জৈব জ্বালানি ব্যবহার করে রান্না করা হয়। এই ধরনের জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে মিশে যায় ক্ষুদ্র ধূলিকণা ও ক্ষতিকর গ্যাস। রান্নাঘরে পর্যাপ্ত জানালা বা বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে সেই দূষিত বাতাস দীর্ঘক্ষণ শ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। এর ফলে শ্বাসনালিতে জ্বালাপোড়া হতে পারে। দীর্ঘদিন এমন পরিবেশে থাকলে শ্বাসকষ্টের ঝুঁকিও বাড়তে পারে। 
২. রাস্তার ধুলো ও নির্মাণকাজের দূষণ : বাড়ির বাইরে বেরোলেই প্রতিদিন ধুলোবালুর সংস্পর্শে আসতে হয়। বিশেষ করে যেখানে বাড়ি বা রাস্তা তৈরির কাজ চলছে, সেখানে বাতাসে প্রচুর সূক্ষ্ম ধূলিকণা ছড়িয়ে পড়ে। এই কণাগুলো শ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করে শ্বাসযন্ত্রে অস্বস্তি ও প্রদাহ তৈরি করতে পারে। যাদের আগে থেকেই অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই দূষণ আরো বেশি ক্ষতিকর হতে পারে।
৩. ঘর পরিষ্কারের রাসায়নিকেও লুকিয়ে বিপদ : ঘর পরিষ্কার রাখতে অনেকেই ব্লিচ, জীবাণুনাশক, ফ্লোর ক্লিনার এবং বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করেন। কিন্তু এসব পণ্যের কিছু রাসায়নিক থেকে নির্গত বাষ্প শ্বাসনালিতে জ্বালাপোড়া তৈরি করতে পারে। বিশেষ করে ব্লিচের সাথে অ্যামোনিয়া বা অ্যাসিডযুক্ত ক্লিনার মেশানো অত্যন্ত বিপজ্জনক। এতে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, যা শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই পরিষ্কারের সময় জানালা খোলা রাখা এবং বিভিন্ন রাসায়নিক একসাথে ব্যবহার না করাই নিরাপদ।
৪. ধূপ, ধুনো ও মশার কয়েলের ধোঁয়া : হিন্দুদের পূজা-অর্চনা কিংবা মশা তাড়ানোর জন্য বহু বাড়িতেই নিয়মিত ধূপ, ধুনো ও মশার কয়েল জ্বালানো হয়। কিন্তু এগুলো পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়া, সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে। বন্ধ ঘরে দীর্ঘক্ষণ এই ধোঁয়ার মধ্যে থাকলে কাশি, শ্বাসনালিতে অস্বস্তি এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। একইভাবে অতিরিক্ত মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করলেও শ্বাসযন্ত্রে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে অ্যাজমা ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (ঈঙচউ)-তে আক্রান্তদের এই বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।
৫. বাড়ির স্যাঁতসেঁতে দেওয়াল ও ছত্রাক : বাড়ির বাথরুম, রান্নাঘর কিংবা দীর্ঘদিন বন্ধ থাকা ঘরে অনেক সময় স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। এই আর্দ্র পরিবেশে জন্ম নিতে পারে ছত্রাক বা ফাঙ্গাস। সেখান থেকে বাতাসে ছড়িয়ে পড়া স্পোর শ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে অ্যালার্জি, কাশি এবং শ্বাসনালির সমস্যা বাড়তে পারে। শুধু তাই নয়, বাড়ির কার্পেট, সোফা ও গদিতেও জমতে পারে ধুলোর মাইট। এগুলোও অ্যালার্জি ও শ্বাসকষ্টের অন্যতম কারণ হতে পারে।
কিভাবে সুস্থ রাখবেন ফুসফুস?
ফুসফুসের সুস্থতা বজায় রাখতে শুধু ধূমপান ছেড়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বাড়ির ভেতরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি। রান্নাঘর ও বাথরুমের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে। ধূপ, ধুনো ও কয়েলের ব্যবহার কমাতে হবে। ঘর পরিষ্কারের রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিয়মিত ঘর পরিষ্কার করে ধুলো জমতে না দেয়ার চেষ্টা করতে হবে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে পরিবর্তন আনলেই ফুসফুসের ওপর দূষণের চাপ অনেকটাই কমানো সম্ভব। দীর্ঘদিন কাশি, শ্বাসকষ্ট বা শ্বাস নেয়ার সময় অস্বাভাবিক শব্দ হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। ইন্টারনেট।