পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভ এনসিপির
ads

 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হামলা ও নাশকতার অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, গোপালগঞ্জে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। দেশী অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন মহড়া দিচ্ছে এবং মানুষের ওপর হামলা করছে। আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাস চালিয়েছে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপিও বৈঠকে উপস্থিত ছিলেন।