
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় তাদের খাবার। এরপর সেই খাবারই আবার আনসারদের মধ্যে বিতরণ করে ‘মানবতার’ দৃষ্টান্ত দেখিয়ে ভিডিও ভাইরাল করা হয়। যেখানে বলা হয় ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’। অথচ ওই খাবার গোপালগঞ্জ কারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের জন্য ব্যারাক থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে সিভিল স্টাফদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে খাবার লুট করে নিয়ে যায় ছাত্রলীগের সদস্যরা।
গত বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে আনসার সদর দফতর। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: নাজমুস সাকিব বলেন, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের উদ্দেশ্যে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খাবার ছিনিয়ে নেয়। পরবর্তীতে এ খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে অপপ্রচার করে এবং আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের অপচেষ্টা চালায়।
প্রকৃত ঘটনা না জেনে কিছু গণমাধ্যম সেটি প্রচারও করে। যেখানে বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’। নাজমুস সাকিব বলেন, কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্যটি প্রকৃত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘটনাটির বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালানো হয়েছে। খাবার সরবরাহের সাথে জড়িত স্টাফকে জিম্মি করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনার উদ্দেশ্যপূর্ণ রাজনৈতিক প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরো বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণœ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা নিন্দনীয় বটে। একই সাথে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান এবং ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









