
আলমগীর কবির
২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের সামনে একটি বড় প্রত্যাশা তৈরি হয়েছিল; রাষ্ট্র আর আগের মতো চলবে না। গুম, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে দেশ। অপরাধের বিচার হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জবাবদিহিমূলক। আর ক্ষমতার পরিবর্তনের সাথে বিচার ও প্রশাসনের চরিত্র বদলে যাওয়ার যে পুরনো অভিজ্ঞতা, তার অবসান ঘটবে। কিন্তু অভ্যুত্থানের পর দুই বছরের বেশি সময় পেরিয়ে সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, তা নিয়ে প্রশ্ন বাড়ছে। অতীতের অপরাধের বিচার চলছে। তবে বিচারপ্রক্রিয়ার পাশাপাশি রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐকমত্য এবং মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রেও প্রত্যাশিত অগ্রগতি কতটা হয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার পরিসংখ্যান বিচারপ্রক্রিয়ার ব্যাপ্তি তুলে ধরে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরান নয়া দিগন্তকে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ১৪টি মামলা বিচারাধীন। তদন্তাধীন রয়েছে ৩২টি মামলা। অন্য দিকে ট্রাইব্যুনাল-২-এ ১৪টি মামলা বিচারাধীন এবং ১৩টি মামলা তদন্তাধীন। দুই ট্রাইব্যুনাল মিলিয়ে ২৮টি মামলা বিচারপর্যায়ে রয়েছে। তদন্ত চলছে আরো ৪৫টি মামলার; অর্থাৎ বিচার ও তদন্তের বিভিন্ন পর্যায়ে রয়েছে মোট ৭৩টি মামলা।
এতগুলো মামলার বিচার ও তদন্ত শেষ করা বড় চ্যালেঞ্জ। তবে মামলার সংখ্যা বাড়াই ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র মাপকাঠি নয়। তদন্ত কতটা নির্ভরযোগ্য, সাক্ষ্য-প্রমাণ কতটা শক্তিশালী, অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ পাচ্ছেন কি না এবং বিচারপ্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত থাকছে কি না- এসব প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ। কারণ অপরাধের বিচার করতে গিয়ে নতুন করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন- সেটি নিশ্চিত করাও ন্যায়বিচারের অংশ।
সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়ার পর্যবেক্ষণ, ২০২৪ সালে বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থাকে নতুনভাবে সাজানোর এক অভূতপূর্ব সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যায়নি। তার মতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্র সংস্কারের বিষয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তারা প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন পায়নি। তরুণদের সমর্থন থাকলেও রাজনৈতিক দল ও প্রশাসনের দিক থেকে পর্যাপ্ত সহযোগিতা ছিল না। ফলে সংস্কার কমিশনগুলো বিভিন্ন খাতে পরিবর্তনের সুপারিশ ও রূপরেখা তৈরি করলেও সেগুলোর উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
ড. শরীফ ভূঁইয়া নয়া দিগন্তকে বলেন, বিচার বিভাগ সংস্কারসহ বিভিন্ন কমিশনের প্রস্তাব বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও এখনো চূড়ান্ত হয়নি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আইনি ও রাজনৈতিক অগ্রগতি হলেও ভবিষ্যতে এর কাঠামো ও বাস্তব প্রয়োগ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে বলে মনে করেন তিনি। তার মতে, সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য প্রয়োজন ছিল, তা তৈরি হয়নি।
এই আইনজীবীর মূল্যায়নে, অন্তর্বর্তী সরকারকে শুরুতে সবাই সমর্থনের কথা বললেও বাস্তবে সেই সমর্থন পাওয়া যায়নি। নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক চাপ ক্রমে বাড়তে থাকে। ফলে রাষ্ট্র সংস্কারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের বদলে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি প্রধান হয়ে ওঠে। সংস্কার কমিশনগুলো প্রয়োজনীয় পরিবর্তনের দিকনির্দেশনা দিলেও সেগুলো কার্যকর করার মতো রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়নি। তার অভিযোগ, পরবর্তী সময়ে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের কাছেও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও ক্ষমতার রাজনীতি আবারো অগ্রাধিকার পেয়েছে।
ড. শরীফ ভূঁইয়ার মতে, ২০২৪ সালের আন্দোলনে যে রাজনৈতিক ও সামাজিক ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখা যায়নি। আন্দোলনের অংশীজনদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের রাজনৈতিক পরিবেশে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতৈক্যের বদলে দলগুলোর মধ্যে বিরোধ ও ক্ষমতার প্রতিযোগিতা বেড়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে সরকার আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে দমন-পীড়নের পথ বেছে নিতে পারে। এমন পরিস্থিতিতে ন্যায়বিচার ও গণতান্ত্রিক সুশাসনের প্রত্যাশা পূরণ কঠিন হয়ে উঠবে।
তার এই বক্তব্য রাষ্ট্র সংস্কারের একটি মৌলিক দুর্বলতার দিকে ইঙ্গিত করে। সরকার পরিবর্তনের পর প্রতিষ্ঠান সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছিল, তা রাজনৈতিক সমঝোতার অভাবে সীমিত হয়ে পড়েছে। অথচ বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংস্থা ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর সংস্কার কোনো একক দলের বিষয় নয়। এগুলোর ওপর নির্ভর করে ভবিষ্যতে ক্ষমতায় থাকা সরকার কতটা জবাবদিহির মধ্যে থাকবে এবং নাগরিকের অধিকার কতটা সুরক্ষিত থাকবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অবশ্য বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে বলেছেন, বিচার, মানবাধিকার ও সমতা পরস্পরের সাথে সম্পর্কিত। নয়া দিগন্তকে তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকারের সময়ে অন্যায়ভাবে গ্রেফতার, হত্যা, গুম কিংবা ক্রসফায়ারের ঘটনা ঘটছে না বলেও দাবি করেন তিনি। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় সর্বোচ্চ মান বজায় রাখা হচ্ছে এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে মামলা পরিচালনা করা হচ্ছে না বলে তার বক্তব্য।
আমিনুল ইসলামের মতে, প্রতিটি মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার এগিয়ে নেয়া হচ্ছে। অপরাধে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ঊর্ধ্বতন পর্যায়ের দায়ও বিবেচনায় নেয়া হচ্ছে। অর্থাৎ কোনো ব্যক্তি নিজে অপরাধ করেছেন কি না, তার পাশাপাশি দায়িত্বশীল অবস্থানে থেকে অপরাধ সংঘটনে ভূমিকা রেখেছেন কি না, কিংবা অপরাধ ঠেকানোর দায়িত্ব থাকা সত্ত্বেও তা পালন করেননি কি না- সেটিও তদন্তের বিষয় হতে পারে।
তবে প্রসিকিউশনের বক্তব্যের পাশাপাশি বিচারপ্রক্রিয়ার বাস্তব স্বচ্ছতাও গুরুত্বপূর্ণ। কোনো বিচার নিরপেক্ষ কি না, তা শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যে নির্ধারিত হয় না। আদালতের কার্যক্রম, তদন্তের মান, সাক্ষীদের নিরাপত্তা, আসামিপক্ষের আইনগত অধিকার এবং রায়ের যুক্তি সব মিলিয়ে বিচারব্যবস্থার গ্রহণযোগ্যতা তৈরি হয়। রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলার ক্ষেত্রে এসব মানদণ্ড আরো কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণই হতে হবে বিচারের ভিত্তি।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার বিষয়েও বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর। তার দাবি, আওয়ামী লীগ নামের রাজনৈতিক সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়নি; নিষিদ্ধ করা হয়েছে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড। কোনো সংগঠনের কার্যক্রম বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরাধে সাংগঠনিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী দায় নির্ধারণের প্রশ্ন আসতে পারে বলেও জানান তিনি। তবে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া নিজে অপরাধের প্রমাণ নয়। ব্যক্তির ভূমিকা ও অপরাধের সাথে সংশ্লিষ্টতা প্রমাণের ভিত্তিতেই দায় নির্ধারণ করতে হবে। একইভাবে সংগঠিত অপরাধের ক্ষেত্রে সাংগঠনিক নির্দেশনা ও দায়িত্বের বিষয়ও উপেক্ষা করা যাবে না।
বিচারপ্রক্রিয়ার পাশাপাশি অনলাইনে অপরাধের তথ্য ও প্রমাণ সংরক্ষণের বিষয়েও আলোচনা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্ট, ঘৃণামূলক প্রচারণা ও অনলাইন অপরাধের তদন্তে মেটা বা ফেসবুকের তথ্য সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার সাথে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে আদালতের আদেশের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কথা রয়েছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণœ না করে এ ধরনের উদ্যোগ কিভাবে বাস্তবায়ন করা হবে- সেটিও নিশ্চিত করতে হবে।
বিচার ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মানবাধিকার সুরক্ষার বিষয়টিও সামনে এসেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক তিনটি আইন নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সংস্থাটির দাবি, সেপ্টেম্বরে পাস হওয়া এসব আইন মানবাধিকার সুরক্ষার বিদ্যমান ব্যবস্থাকে দুর্বল করেছে এবং সংস্কারের প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক।
প্রতিবেদনে জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন নিয়ে আপত্তি তুলেছে সংস্থাটি। হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্য, ৬ সেপ্টেম্বর পাস হওয়া নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইন কমিশনের স্বাধীনতা ও তদন্তের ক্ষমতা সীমিত করেছে। কমিশন সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে প্রতিবেদন চাইতে পারবে। কিন্তু সেই প্রতিবেদন সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিয়োগ, বাজেট ও প্রশাসনিক স্বাধীনতার ক্ষেত্রেও সরকারের প্রভাব বাড়ার আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।
গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, নতুন আইনে গুমের অভিযোগ তদন্তের দায়িত্ব সরকারের নিয়োগ করা অন্য নিরাপত্তা সংস্থার হাতে দেয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সাথে আটককেন্দ্র পরিদর্শন ও তদন্তের ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা কমানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার দায় নির্ধারণের মানদণ্ডেও পরিবর্তন এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আগে কোনো কর্মকর্তা অপরাধ সম্পর্কে জানতেন বা জানার কথা ছিল, অথচ তা প্রতিরোধে ব্যবস্থা নেননি এ বিষয় বিবেচনায় নেয়ার সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় সরাসরি নির্দেশ দেয়ার প্রমাণের ওপর বেশি গুরুত্ব তৈরি হয়েছে বলে সংস্থাটির দাবি।
১০ সেপ্টেম্বর পাস হওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন নিয়েও প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থাটি। এই আইনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম পরিবর্তন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি করা হয়েছে। পুরনো বাহিনীর সদস্য, ক্ষমতা, সম্পদ ও নথিপত্র নতুন বাহিনীতে স্থানান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে নতুন বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, শুধু নাম পরিবর্তন করে বাহিনীর কাঠামো বহাল রাখলে অতীতের অভিযোগ ও দায়বদ্ধতার প্রশ্নের সমাধান হয় না। প্রয়োজন স্বাধীন তদারকি, যথাযথ প্রশিক্ষণ এবং মানবাধিকার লঙ্ঘন ঠেকানোর কার্যকর ব্যবস্থা।
সংস্থাটি নতুন বাহিনীর সদস্যদের দায়িত্ব দেয়ার আগে কঠোর যাচাই-বাছাই, স্বাধীন নজরদারি এবং গ্রেফতার ও আটকসংক্রান্ত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পুরনো র্যাবের নথিপত্র সংরক্ষণের ওপরও গুরুত্ব দিয়েছে তারা। পাশাপাশি বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সামরিক বাহিনীর সদস্যদের নিয়মিত প্রেষণে নিয়োগ বন্ধ করার সুপারিশ করেছে। তবে এসব বক্তব্য হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব মূল্যায়ন। আইনগুলোর প্রকৃত প্রভাব বুঝতে হলে পূর্ণাঙ্গ আইন, সরকারি ব্যাখ্যা এবং বাস্তব প্রয়োগও বিবেচনায় নিতে হবে। একই সাথে মানবাধিকার সংগঠনগুলোর উত্থাপিত প্রশ্নের জবাব দেয়া সরকারের দায়িত্ব।
অতীতের গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের বিচার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি ভবিষ্যতে এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর প্রতিষ্ঠানগত ব্যবস্থা গড়ে তোলাও জরুরি। শুধু অপরাধের বিচার করলেই রাষ্ট্রের দায় শেষ হয় না। তদন্ত সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে হবে। মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। একই সাথে অভিযুক্ত ব্যক্তির ন্যায়বিচার পাওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে।
২০২৪ সালের অভ্যুত্থান যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি করেছিল, তা কোনো একক রাজনৈতিক দলের সম্পদ নয়। সেই প্রত্যাশা ছিল সাধারণ মানুষের। তাই রাষ্ট্র সংস্কারের প্রশ্নেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রয়োজন। নির্বাচন ও ক্ষমতার প্রতিযোগিতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। কিন্তু রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা ও নাগরিক অধিকার নিয়ে ঐকমত্য না থাকলে রাজনৈতিক পরিবর্তনও স্থায়ী সুফল দিতে পারে না।
অন্তর্বর্তী সরকারের গুমবিষয়ক কমিশনের সদস্য মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন নয়া দিগন্তকে বলেন, প্রতিশোধের রাজনীতি থেকে ন্যায়বিচারে উত্তরণ ঘটেছে কি না, তার উত্তর শুধু মামলার সংখ্যা বা কয়েকটি রায়ে পাওয়া যাবে না। উত্তর মিলবে আইনের সমান প্রয়োগে, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতায়, মানবাধিকার সুরক্ষায় এবং রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহিতে। অতীতের অপরাধের বিচার করতে গিয়ে বর্তমানের নাগরিক অধিকার ক্ষুণœ হলে সেই বিচার মানুষের প্রত্যাশা পূরণ করবে না। একইভাবে রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন বিচার থেকে রেহাই না পান, আবার কেউ যেন পরিচয়ের কারণেই অভিযুক্ত না হন। ২০২৪ সালের অভ্যুত্থানের প্রকৃত অর্জন নির্ভর করছে- এই ভারসাম্য প্রতিষ্ঠার ওপর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









