
বরিশালের উজিরপুরে ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় প্রান্তিকের মডেল টেস্ট পরীক্ষা চলাকালে এক নারীকে সাথে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার অভিযোগ উঠেছে পরীক্ষার কেন্দ্রের হল সচিব ও হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষের বিরুদ্ধে।
স্থানীয়দের বাধা দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
গত ১৯ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কী ঘটেছিল সেদিন?
স্থানীয়দের অভিযোগ, পরীক্ষার টানা চার দিন ওই নারীকে নিয়ে বাড়িতে গেছেন বঙ্কিম চন্দ্র ঘোষ। চতুর্থ দিন বাড়িতে প্রবেশের সময় স্থানীয় লোকজন তাদের বাধা দেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, ওই দিনও বিদ্যালয়গুলোতে পরীক্ষা চলছিল। এ সময় বোরকা পরা এক নারীকে সাথে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় লোকজন বঙ্কিম চন্দ্র ঘোষকে বাধা দেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় ওই নারীকে একাধিকবার ক্ষমা চাইতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্কিম চন্দ্র ঘোষের বর্তমান বাসা বরিশাল শহরে, যেখানে তার স্ত্রী ও দুই সন্তান থাকেন। হাবিবপুরে যে বাড়িতে তাকে ওই নারীসহ যেতে দেখা গেছে, সেটি তার নিজের বাড়ি। পরীক্ষার চার দিনই ওই নারীকে নিয়ে তিনি সেখানে গেছেন এবং চতুর্থ দিন বাড়িতে প্রবেশের আগমুহূর্তে তাদের আটকে দেওয়া হয়।
পরীক্ষার দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন
১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রের হল সচিব ছিলেন বঙ্কিম চন্দ্র ঘোষ। পরীক্ষা চলাকালে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তিনি কীভাবে বারবার কেন্দ্রের বাইরে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যক্তিরা।
তাদের মতে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, আটকের পর স্থানীয় বিএনপির এক নেতার হস্তক্ষেপে এবং ওই নারীর সংসারের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
প্রধান শিক্ষকের বক্তব্য
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ। তার দাবি, ব্যাংকে যাওয়ার পথে বিএনপির কয়েকজন ব্যক্তি তাকে আটক করেন এবং তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে কারা তাকে আটক করেছিলেন, জানতে চাইলে তিনি তাদের কারও নাম জানাতে পারেননি।
শিক্ষা কর্মকর্তাদের বক্তব্য ও এলাকাবাসীর দাবি
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) নাসরিন খানম বলেন, ‘বিষয়টি অন্যদের মাধ্যমে শুনেছি। তার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় ব্যক্তিরা।
তাদের দাবি, ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সংশ্লিষ্ট নথি যাচাই করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









