আলী আহসান মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে
ads

নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদান স্মরণ করে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 
গতকাল এক বিবৃতিতে তিনি আরো বলেন, ২০০১-০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে তিনি সততা, দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে দায়িত্ব পালন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জামায়াতকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়। সেই ধারাবাহিকতায় মুজাহিদের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় এবং দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষের ভিত্তিতে ২০১৫ সালের ২১ নভেম্বর মধ্য রাতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।  
তাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এ দেশে এক দিন ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইনশা আল্লাহ। 
তিনি আরো বলেন, জাতি আজ তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে। তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। 
বিবৃতিতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দানের দোয়া করেন। একই সাথে তার অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।